আঘাতেই ফারজানার মৃত্যু মামলা তুলে নিতে চাপ
২৬ বছর আগে সদ্যোজাত কন্যা-সন্তানের মুখ দেখে আনন্দে উদ্বেল হয়ে বাবা সাব্বির আহমেদ তার নাম রেখেছিলেন ‘সুখী’। সময়ের পরিক্রমায় আজ তিনি অভিযোগ করছেন, কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ সেই সুখীকেই প্রাণ দিতে হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, শারীরিক আঘাতে ফারজানা নূর ওরফে সুখীর কলিজা ফেটে গিয়েছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। সাব্বির আহমেদ ও মুরশিদা বেগমের একমাত্র মেয়ে ফারজানা নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। গত বছরের ২৪ জুন সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়েজীদ বোস্তামীর সঙ্গে বিয়ে, সেপ্টেম্বরে শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান, ১৪ এপ্রিল মা হওয়া, ২৩ এপ্রিল মৃত্যু। এভাবে এক বছরের কম সময়ের মধ্যে জীবনের প্রধান পর্বগুলো পেরিয়ে গেছেন ফারজানা। নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ফারজানা নূর হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা নিশ্চিত হয়েছি, গত বৃহস্পতিবার দুপুর নাগাদ ফারজানার স্বামী বায়েজীদ বোস্তামী ও শ্বশুর এ বি এম আহছান উল্লা খান হাইকোর্টের আশপাশে ছিলেন।’১৪ এপ্রিল নোয়াখালীর মডার্ন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফারজানার প্রথম সন্তানের জন্ম হয়। ফারজানার পরিবার বলেছে, তিন দিনের মাথায় শ্বশুর-শাশুড়ির চাপে তাঁকে বেগমগঞ্জে শ্বশুরবাড়িতে চলে যেতে হয়। এর এক সপ্তাহ পর আশঙ্কাজনক অবস্থায় আবার মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়ার ১৫ মিনিটের মাথায় ফারজানা মারা যান। ফারজানার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা সাব্বির আহমেদ ফারজানার স্বামী বায়েজীদ বোস্তামী, শ্বশুর এ বি এম আহছানউল্লাহ খান, শাশুড়ি মাইনুর বেগম ও এক ননদ বরকত জাহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শাশুড়ি মাইনুর বেগম ছাড়া অভিযুক্ত তিনজন এখনো পলাতক। ফারজানার স্বজনেরা বলছেন, বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে কল করে তাঁদের আপস করে ফেলার অনুরোধ করা হয়। রাজি না হওয়ায় ফারজানার ভাই রেদোয়ান আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।ফারজানার পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন স্বর্ণালংকার ও আসবাবের জন্য ফারজানার ওপর নির্যাতন করতেন।নোয়াখালীর সিভিল সার্জন মো. আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ফারজানার কলিজা ফেটে গিয়েছিল। আঘাতজনিত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। তাঁর শরীরে অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন আছে। বায়েজীদ বোস্তামী ও তাঁর বাবা নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষ আহছানউল্লা খানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বায়েজীদের মামা মো. ফাইজুল হক প্রথম আলোকে বলেন, ‘নির্যাতনের অভিযোগ সত্য নয়। ফারজানার শ্বাসকষ্ট ছিল। ওতেও সে মারা যেতে পারে।’ মানববন্ধন: বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ফারজানা নূরের ‘হত্যাকারীদের’ শাস্তির দাবিতে গতকাল শনিবার অপরাজেয় বাংলায় মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আখতারুজ্জামান অভিযোগ করে বলেন, যৌতুকের দাবি ও কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে ফারজানাকে হত্যা করা হয়েছে। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক মালেকা বেগম বলেন, ফারজানার স্বামীর সম্মতি ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব নয়। তাই তাঁর স্বামীই প্রধান অপরাধী।মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, পারভিন হাসান, এ কে এম গোলাম রব্বানী, সহকারী অধ্যাপক খাদেমুল হক, আবুল কালাম আজাদ প্রমুখ।