আঙিনায় সমন্বয় কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার ভোরাঘাট গ্রামে সিংরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) আঙিনায় হয়েছে। এতে জনপ্রতিনিধিসহ উপজেলা পরিষদের সব বিভাগের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তাদের কার্যক্রম কাছ থেকে দেখে গ্রামের মানুষ অভিভূত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্লাস্টিকের চেয়ারে বসে সরকারি কর্মকর্তারা নানা সমস্যা নিয়ে আলোচনা করেন। আর গ্রামের লোকজন খুব কাছ থেকে তা শুনছেন। সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা, সদ্য নির্বাচিত মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়াসহ উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যানরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলমের সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিনসহ উপজেলা পর্যায়ের সব বিভাগের প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বণিক সমিতির সভাপতি গাজী আবদুস সালাম ভূঁইয়া বীর প্রতীক পৌরসভার পুরান বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানান। শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া তাঁর এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ও শিক্ষক-সংকট চলছে বলে জানান। সিংরইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ইউপি ভবন ও খালের ওপর পদচারী-সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমস্যাগুলো সম্পর্কে সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, আগামীকাল (বুধবার) থেকে সংসদের অধিবেশন শুরু হবে। কিছু বিষয় সমাধানের জন্য সংসদে তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে সমাধান চাইবেন।
সভাস্থলে উপস্থিত সিংরইল ইউনিয়নের ভোরাঘাট গ্রামের আটজন বাসিন্দা বলেন, এ ধরনের সভা তাঁরা কোনো দিন দেখেননি। এটি তাঁদের কাছে নতুন অভিজ্ঞতা। তাঁরা মুগ্ধ।