আঙুল ফুলে কলাগাছ হওয়া ইয়াবা ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে কক্সবাজারের টেকনাফকে ইয়াবামুক্ত রাখার অঙ্গীকার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, টেকনাফের সবাই ইয়াবা ব্যবসা করেন না। ইয়াবা ব্যবসা করে আঙুল ফুলে যারা কলাগাছ হয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
গতকাল বুধবার বিকেলে টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে এসব কথা বলেন আইজিপি। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতির বিষয়টি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আলোচনা হয়। সাংসদ বদির বিরুদ্ধে ইয়াবা, মানব পাচার ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। সমাবেশের আমন্ত্রণপত্রে সাংসদ বদিকে অতিথি করা হয়নি। অথচ সাংসদ গতকাল টেকনাফে ছিলেন বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান। তাঁরা বলেন, দুপুরে আইজিপির সঙ্গে সাংসদ দেখাও করেছেন।
সমাবেশে যোগ না দেওয়ার বিষয়ে সাংসদ বদির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে সাংসদের অনুসারী টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর প্রথম আলোকে বলেন, ‘সাংসদের পদ-পদবি বড়, তাই তিনি সমাবেশে যোগ দেননি। তবে তিনি বিপুলসংখ্যক লোকজন সেখানে পাঠিয়েছেন। ইয়াবাবিরোধী সমাবেশকে অভিনন্দন জানিয়ে পৌর শহরে একাধিক তোরণ নির্মাণ করেছেন।’
সমাবেশে আইজিপি বলেন, ‘ইয়াবা ব্যবসায় যদি পুলিশের কোনো সদস্য জড়িত থাকে, আমাকে জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়েই ইয়াবার চালান দেশে আসছে। টেকনাফের ওপারে মিয়ানমার। সেখানে উৎপাদিত হচ্ছে ইয়াবা। অথচ সেখানকার কেউ ইয়াবা সেবন করে না। কিন্তু বাংলাদেশের মানুষ মিয়ানমারের ইয়াবা সেবন করে নিজেদের শেষ করে দিচ্ছে। তাই ইয়াবাসহ মাদক চোরাচালান রুখে দিতে হবে। মিয়ানমার চায় ইয়াবা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে। তাই মাদকের বিরুদ্ধে টেকনাফবাসীকে সোচ্চার হতে হবে।
তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় ১০ হাজার লোক উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই ছিলেন নারী।
উপস্থিত লোকজনের উদ্দেশে সমাবেশে আইজিপি বলেন, ‘আপনারা কি ইয়াবামুক্ত টেকনাফ চান?’ জবাবে নারী-পুরুষ সবাই হাত তুলে হ্যাঁ হ্যাঁ বলে চিৎকার করেন।
আইজিপি বলেন, জঙ্গিরা ভয়ংকর। তারা নিরীহ লোকজনকে ধর্মের নামে হত্যা করে। ইসলামে মানুষ হত্যা মহাপাপ। জঙ্গিবাদের বিরুদ্ধেও সচেতন হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম মিয়া। এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটি পুলিশ কক্সবাজার জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহান, সহকারী পুলিশ সুপার (কক্সবাজার সদর) সৌমিত্র চাকমা।
তবে সমাবেশে টেকনাফ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবুল কালাম ছাড়া উপজেলার অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিক মিয়া বলেন, মাদকবিরোধী সমাবেশে টেকনাফের কাউকে ইচ্ছাকৃতভাবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কারণ, অন্যদের বক্তব্য দেওয়ার সুযোগ দিলে ইয়াবা ব্যবসার সঙ্গে পুলিশসহ অনেকের নাম ফাঁস হয়ে যেত বলে দাবি করেন তিনি।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক টেকনাফ থানার নতুন ভবনের উদ্বোধন করেন। এ ছাড়া বেলা দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন তিনি। সেখানে সংক্ষিপ্ত সভায় শহীদুল হক বলেন, মাদক ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।