রাজধানীর আশকোনায় র্যা ব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে গত শুক্রবার দুপুরের আত্মঘাতী হামলাকারীর পরিচয় মেলেনি। তার ছিন্নভিন্ন হয়ে যাওয়া আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় বের করার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা–ও হচ্ছে না বলে জানিয়েছেন র্যা বের কর্মকর্তারা। ঘটনাস্থলের আশপাশের স্থাপনাগুলোর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
শনিবার ভোরে খিলগাঁওয়ের তল্লাশিচৌকিতে র্যা বের গুলিতে নিহত যুবকের পরিচয়ও পাওয়া যায়নি। র্যা ব হেফাজতে হানিফ মৃধার মারা যাওয়া রহস্যের সমাধানও হয়নি। খোঁজ পাওয়া যায়নি হানিফের সঙ্গে ধরে নেওয়া সোহেল হোসেন নামে লোকটিরও।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শুক্রবারের আত্মঘাতী জঙ্গি ও শনিবার নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করার জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
র্যা বের একজন কর্মকর্তা বলেন, শুক্রবার আত্মঘাতী হামলাকারীর দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তার হাতের কবজি দুটিও উড়ে যায়। পরে তার দুটি অক্ষত আঙুল পরিষ্কার করে ছাপ নেওয়া হয়। সেই ছাপ মেলানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়, হাতের ছাপ পুরোপুরি স্পষ্ট নয়। যেটুকু স্পষ্ট, তার সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক ব্যক্তির হাতের ছাপের কিছুটা মিল পাওয়া যায়। এ তথ্য পাওয়ার পরপরই ঠিকানা অনুযায়ী ফরিদপুরের সেই সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানায়, যাকে সন্দেহ করা হচ্ছে, তিনি বেঁচে রয়েছেন। পরে র্যা বও বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্যেই কয়েকটি গণমাধ্যম ফরিদপুরের ওই সন্দেহভাজনের নাম উল্লেখ করে তাঁকে আত্মঘাতী হিসেবে প্রতিবেদন ছাপে। পরে ওই ব্যক্তি নিজেই সংবাদপত্র অফিসে এসে বলেন, তিনি মারা যাননি।
র্যা বের হেফাজতে নিহত পরিবহন ব্যবসায়ী হানিফ মৃধার লাশ গত মঙ্গলবার তাঁর গ্রামের বাড়ি বরগুনার আমতলী উপজেলার আমড়াছিয়ায় দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, হানিফকে ধরে নিয়ে যাওয়ার পরে ডাচ্-বাংলা ও ব্র্যাক ব্যাংকের দুটি চেকে ৬ লাখ ৭০ হাজার টাকা লিখে নিয়ে যাওয়া হয়। হানিফের ক্রেডিট কার্ডও নিয়ে গেছে তারা।
আর গতকাল নিখোঁজ সোহেল হোসেনের স্ত্রী নিপা বেগম প্রথম আলোকে বলেন, সোহেলের জন্য তাঁর মা মমতাজ বেগম অসুস্থ হয়ে পড়েছেন। সবার কাছে ফোন করে কেবল কান্নাকাটি করছেন।