আঙ্কটাড সম্মেলনে যোগ দিতে কাতারে গেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়নবিষয়ক ত্রয়োদশ সমেঞ্চলনে (আঙ্কটাড-১৩) যোগ দিতে চার দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার সকালে কাতারে গেছেন। আজ শনিবার কাতারের রাজধানী দোহায় ছয় দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আঙ্কটাড-১৩ আয়োজক কমিটির প্রধান ও কাতারের বাণিজ্য উপমন্ত্রী সৌদ আল জাফর এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান।প্রধানমন্ত্রী কাতার সফরকালে দোহার ফোর সিজন্স হোটেলে থাকবেন। প্রধানমন্ত্রী আঙ্কটাডের এই সম্মেলনে উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘উন্নয়নকেন্দ্রিক বিশ্বায়ন: সার্বিক ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়ন’।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাতারে অবস্থানকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাতারের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ২১ এপ্রিল আঙ্কটাড-১৩ সম্মেলনে ভাষণ দেবেন। সম্মেলনে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ উন্নয়নের জন্য বিনিয়োগ উৎসাহিতকরণে নিয়োজিত সংস্থাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ‘বিনিয়োগ উৎসাহদান পদক-২০১২’ দেবে। প্রধানমন্ত্রী ‘কীভাবে বিনিয়োগকেন্দ্রিক টেকসই উন্নয়ন করা যায়’ এবং নারী উন্নয়নসংক্রান্ত একটি উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ইনভেস্টমেন্ট সম্মেলনে’ও যোগ দেবেন। তিনি দোহার ডিপ্লোমেটিক ক্লাবে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনায়ও যোগ দেবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল ও কলেজ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।