আঙ্গিক বদলাচ্ছে, মানিয়ে নিতে হবে বাংলাদেশকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দশক আগে যুদ্ধপীড়িত বিশ্বের প্রেক্ষাপটে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এখন শুধু জাতিসংঘ একা নয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক জোটগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে এ কাজ পরিচালিত হচ্ছে। বাংলাদেশকেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। জাতিসংঘের ফিল্ড সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি আমিরা হক গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন। জাতিসংঘের ঊর্ধ্বতন পদটিতে প্রতিনিধিত্বকারী প্রথম এই বাংলাদেশি নারী ৪ জানুয়ারি সরকারের আমন্ত্রণে ঢাকায় এসেছেন। বিশ্বমন্দার কারণে শান্তিরক্ষীর সংখ্যা কমে যাবে কি না জানতে চাইলে আমিরা হক বলেন, শুধু অর্থনৈতিক মন্দাই নয়, নানা কারণেই জাতিসংঘ শান্তিরক্ষীর সংখ্যা কমতে পারে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাঠপর্যায়ে শান্তিরক্ষী ব্যবহারের চেয়ে বেশি সুফল পাওয়া গেছে। সংঘাত অবসানের পর পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমে যাবে কি না জানতে চাইলে আমিরা হক কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত বাংলাদেশের সেনাসদস্য ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, জাতিসংঘ-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত থাকার উপায়নিয়ে সরকারের সঙ্গে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।