আচমকা দুর্ঘটনায় এলোমেলো জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিবাগে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার নিচে পড়ে আহত  পলাশ বরণ ধর (বাঁয়ে) ও নূর নবী। দুজনেরই একটি করে পা কেটে ফেলতে হয়েছে। ছবিটি গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো
মালিবাগে নির্মাণাধীন উড়ালসড়কের গার্ডার নিচে পড়ে আহত পলাশ বরণ ধর (বাঁয়ে) ও নূর নবী। দুজনেরই একটি করে পা কেটে ফেলতে হয়েছে। ছবিটি গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা l প্রথম আলো

প্রকৌশলী পলাশ বরণ ধরের সংজ্ঞা ফিরেছে। বাঁ পায়ের হাঁটুর নিচে মোটা ব্যান্ডেজ। নিচের অংশ কেটে ফেলতে হয়েছে। মনের দিক থেকে বেশ শক্ত মানুষ তিনি। আচমকা আসা এই বিপর্যয়ের আঘাত অনেকটা সামলে নিয়েছেন।
কিন্তু নূর নবী মাঝে মাঝে চোখ মেলে তাকালেও কথা বলতে পারছেন না। ফলে তিনি যে ডান পা হারিয়েছেন, তা বুঝতে পেরেছেন কি না, তা স্পষ্ট নয়। গত রোববার রাতে মালিবাগ রেলগেটের কাছে নির্মাণাধীন উড়াল সড়কের গার্ডারের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন তাঁরা। এতে এলোমেলো হয়ে গেছে তাঁদের জীবন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে পলাশ ও নূর নবীর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পলাশ ঘটনার সময় সেখানে নির্মাণকাজের তদারক করছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে সামান্য কথা হলো তাঁর সঙ্গে। বললেন, ‘বাস্তবতাকে মেনে নিতেই হবে’। বিছানার পাশে উপস্থিত ছিলেন তাঁর কাকা সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র ধর। যা বলার তিনিই বললেন। পলাশের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার উত্তর জলদি গ্রামে। ঢাকায় থাকেন ১ নম্বর বেইলি রোডে, স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে। বড় ছেলে পড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে প্রথম শ্রেণিতে। ছোটটির বয়স সবে ১০ মাস। পলাশের কাকা দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, ‘মাত্র ৩৩ বছর বয়সে এমন একটা আকস্মিক দুর্যোগে পড়ল ছেলেটা!’ চিকিৎসা নিয়ে সন্তুষ্ট নন তিনি। বললেন, অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
নূর নবী আছেন ২০১ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত বিছানায়। পাশেই তাঁর স্ত্রী শামসুন্নাহার ১৮ মাস বয়সী ছোট ছেলেটিকে সামাল দিতে ব্যস্ত। ছেলে নূর আজম কোলে থাকবে না, ছোটাছুটি করবে। পাশের বিছানায় তার বাবা যে জীবন-মৃত্যুর সংকটে, তা বোঝার সাধ্য নেই ওর। নূর নবীর ডান পায়ের হাঁটুর নিতে মোটা ব্যান্ডেজ। তিনি মাথার ডান পাশ আর পাঁজরেও আঘাত পেয়েছেন। শামসুন্নাহার বললেন, সকালে একবার চিকিৎসকেরা দেখতে এসেছিলেন, তখন চোখ মেলেছিলেন নূর নবী। কথা বলতে পারেননি। তাঁর ডান কান দিয়ে একটু করে রক্ত গড়িয়ে আসছে।
নূর নবীর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকাটি গ্রামে। বসতবাড়ি ছাড়া জমিজমা কিছু নেই। তাঁর তিন ছেলেমেয়ে। বড় ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে এবং মেয়ে পড়ে প্রথম শ্রেণিতে।
শামসুন্নাহার বললেন, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো কথা হয়নি স্বামীর সঙ্গে। নূর নবী শাহ্ সিমেন্ট কোম্পানির ট্রাকচালক। তাঁর প্রতিষ্ঠান উড়ালসড়কের নির্মাতা তমা কনস্ট্রাকশনকে সিমেন্ট সরবরাহ করছে। সেই সিমেন্ট সরবরাহ করতেই ট্রাক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন নূর নবী। ওই দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল হাসপাতালে এসে শামসুন্নাহারকে আশ্বাস দিয়ে গেছেন, নূর নবীর চিকিৎসার অসুবিধা হবে না। কিন্তু সেটুকুই তো যথেষ্ট নয়। গাড়িচালকের ডান পা চলে গেলে জীবনটাই তো অচল। বড় দুশ্চিন্তা ভর করছে তাঁর মনে। তিন ছেলেমেয়ে নিয়ে সংসার চলবে কী দিয়ে। সংসারে আয়ের লোক তো আর কেউ নেই।