আচরণবিধি অমান্য করে সোনারগাঁয়ে নির্বাচনী জনসভা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও সমাবেশ করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় মঙ্গলেরগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত কয়েক হাজার ভোটারের কাছে তিনি ভোট প্রার্থনা করেন। সূত্র জানায়, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া মাইকিং করে জনসভা আহ্বান করেছিলেন। গতকাল জুমার নামাজের পর বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ ঢাকঢোল পিটিয়ে মিছিল নিয়ে ওই জনসভায় উপস্থিত হন।সভা চলার সময় সভাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরে দাঁড়িয়ে ছিলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম। তিনি বলেন, ‘শান্তিপূর্ণভাবে সভা হওয়ায় আমরা বাধা দিইনি।’ উপজেলা নির্বাচন অফিসার বশির আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে এ ধরনের জনসভা করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ তবে সিরাজুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী আমাকে ভালোবাসে বলেই স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ করেছে।’