আচরণবিধি ও ভোটার তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ জুন অনুষ্ঠেয় মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজে বা তাঁর পক্ষে অন্য কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান রেখে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় ও জেলা কমান্ড এবং উপজেলা ইউনিটের নির্বাচন উপলক্ষে এই আচরণবিধি প্রকাশ করা হয়েছে। গত বুধবার প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এই নির্বাচনে দুই লাখ ৬২ হাজার ৩৫৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।এর আগে অন্তত চারবার প্রকাশিত তালিকায় মুক্তিযোদ্ধাদের ভিন্ন ভিন্ন সংখ্যার উল্লেখ রয়েছে। কোথাও কমবেশি দুই লাখ ৯৮ হাজার, কোথাও দুই লাখ ৫৪ হাজার। বর্তমানে ভোটার তালিকায় মুক্তিযোদ্ধাদের যে সংখ্যা চূড়ান্ত করা হয়েছে, তার ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধের সময়কার সরকারি প্রকাশনা মুক্তিবার্তা। সেখানে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা কমবেশি তিন লাখ বলে জানা যায়। তবে ওই তালিকায় অনেক শহীদ ও পরে মারা যাওয়া মুক্তিযোদ্ধার নামও রয়েছে।গতকাল সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ। এ সময় নির্বাচন কমিশনার ও সাবেক সচিব হীরালাল বালা, বেসামরিক বিমান পরিবহনসচিব শফিক আলম, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালালউদ্দিন সিদ্দিকী এবং মেজর (অব.) আবদুস সালাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদসচিব বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট অনুযায়ী যাচাই-বাছাই করে, অর্থাত্, মৃত বা শহীদ ব্যক্তির নাম বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।