আচরণবিধি না মানায় ১৪ প্রার্থীকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধিতে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে কোনো ধরনের প্রচারণা চালাতে নিষেধ করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ প্রচার উপকরণ অপসারণের জন্য ২০ মার্চ নির্দেশ দিলেও বেশির ভাগ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীরা তা মানছেন না। আচরণবিধি লঙ্ঘনের জন্য এ পর্যন্ত ১৪ জনকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। এদিকে, নির্বাচনী প্রার্থীদের কেউ ঋণখেলাপি হলে তাঁদের তালিকা অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে পাঠাতে ইসি অনুরোধ জানিয়েছে।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, তিন সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। আচরণবিধিতে মনোনয়নপত্র প্রত্যাহারের আগে প্রচারণা না চালানোর নির্দেশনা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সম্ভাব্য প্রার্থীরা তা অবজ্ঞা করছেন। এমনকি প্রচার উপকরণ অপসারণের জন্য ইসি সময়সীমা বেঁধে দিলেও তাঁরা তা মানছেন না।
ইসির কর্মকর্তারা জানান, অবৈধ প্রচার উপকরণ অপসারণের জন্য তিন সিটিতে নির্বাহী হাকিমের নেতৃত্বে দুটি করে ভ্রাম্যমাণ আদালত মোতায়েনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে গতকাল সোমবার ইসি চিঠি দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতার জন্য ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছে।
সচিব সিরাজুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত ৯ এপ্রিল পর্যন্ত কাজ করবেন। এরপর ১০ এপ্রিল থেকে প্রতি সিটিতে ছয়টি করে ভ্রাম্যমাণ আদালত ভোটের দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার তিন সিটিতে সব ধরনের তফসিলি ব্যাংক খোলা রাখতে ইসি সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। কারণ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ মার্চ। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এবং ২৭ ও ২৮ মার্চ সরকারি ছুটি।
এদিকে প্রার্থীদের মধ্যে কেউ ঋণখেলাপি হলে তাঁদের তালিকা রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পাঠাতে রোববার ইসি সচিবালয় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে। এ ছাড়া ইসির সম্মতি না নিয়ে নির্বাচনের সঙ্গে যুক্ত কোনো সরকারি কর্মকর্তাকে বদলি না করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
সিটি নির্বাচনে প্রার্থীদের খেলাপি ঋণ-সংক্রান্ত তথ্য যাচাইয়ে ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) উপাত্ত হালনাগাদ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে ফেব্রুয়ারি মাসের তথ্য ২৫ মার্চের মধ্যে ও ফেব্রুয়ারির পরের তথ্য ২৯ মার্চের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুলভাবে যাতে কেউ খেলাপি হিসেবে চিহ্নিত না হন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।