আচরণবিধি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আচরণবিধি সংশোধনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল মঙ্গলবার বিকেলে কমিশন ত্যাগের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিইসি বলেন, ‘আচরণবিধির ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি। এই বিধি পরিবর্তনের দরকার আছে কি না, তাও দেখতে হবে। আগে দেখতে হবে এতে কী আছে, কী নেই। আমরা এখনো দেখিনি খসড়ায় কী আছে।’ তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনের আচরণবিধি পরিবর্তন হয়েছে। আমরাও পরিবর্তন করছি। কিছু ভুলত্রুটি আছে, সে জন্য সংযোজন-বিয়োজন করতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আচরণবিধিতে মাইনর (ছোট) কোনো পরিবর্তন থাকলে রাজনৈতিক দলের পরামর্শ নেওয়া হবে না। আর মেজর (বড়) পরিবর্তনের দরকার থাকলে, সে জন্য রাজনৈতিক দলের মতামত নেওয়ার সময় আমাদের আছে কি না, তাও দেখতে হবে।’