আচরণবিধি ভঙ্গ করলেন সাংসদ!

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে সরকার দলীয় সাংসদ দিদারুল আলম দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল ও সমাবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাংসদের উপস্থিতিতে দলীয় প্রতীকের সমর্থনে মিছিল করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। শুরুতেই বিষয়টি নজরে আসেনি। পরে জানতে পেরে পুলিশ পাঠিয়ে মিছিলটি পণ্ড করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আরও তদন্ত হবে। আচরণবিধি লঙ্ঘনের সম্পৃক্ততা পাওয়া গেলে সাংসদকে সতর্ক করা হবে। তিনি না শুনলে বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে।
সভাসূত্র ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে সীতাকুণ্ড উপজেলা সদরে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের ব্যানারে লেখা ছিল ‘মেয়র প্রার্থী বদিউল আলমের সমর্থনে কর্মী সমাবেশ’। ব্যানারটিতে ‘নৌকা’ প্রতীক ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবিও ছিল। ওই সভায় সাংসদ দিদারুল আলম বক্তৃতা দেন। আরও বক্তৃতা দেন উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। সভার শেষে মাইকে মিছিল বের করার ঘোষণা দেওয়া হয়।
সন্ধ্যা ছয়টার কয়েক মিনিট আগে স্থানীয় সাংসদের নেতৃত্বে মিছিলটি বের হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকেরা প্রার্থীর প্রতীকের পক্ষে স্লোগান দেন। মিছিলের প্রথম সারির মাঝামাঝিতে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। তাঁর ডান পাশে সাংসদ দিদারুল আলম, বাঁ পাশে এসএম আল মামুনকে দেখা গেছে। প্রথম সারির সামনে ছিলেন প্রার্থী বদিউল আলম।