আচরণবিধি ভঙ্গ করায় চার প্রার্থীকে জরিমানা
রাজবাড়ীর কালুখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় চার প্রার্থীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন মদাপুর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা, একই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপ্রার্থী মোসলেম মীর, সাওরাইল ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান এবং মৃগী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে আচরণবিধি ভঙ্গ করে আবুল কালাম মৃধা মোটরসাইকেল ও নছিমন নিয়ে মহড়া দিচ্ছিলেন। এ সময় মদাপুর বাজারের পাশে তাঁকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একই অভিযোগে ৬ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মোসলেম মীরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আগের দিন বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ের আগে সকালে প্রচার মাইক বের করায় আনিসুর রহমান ও সাইদুর রহমানকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।