আচরণবিধি ভঙ্গ করে মোটরসাইকেল মহড়া
‘অন্যরা কালকে করেছে, এ কারণে আমার কর্মীরা অল্প কিছু মোটরসাইকেল নিয়ে মহড়া করেছে, আমি তাদের বলে দিচ্ছি, আর করবে না।’ কথাগুলো এভাবে বললেন নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রকিবুল ইসলাম।
গতকাল শনিবার বেলা ১টা ৫৫ মিনিটে খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী বাজারে দেখা যায়, ওই চেয়ারম্যান প্রার্থীর ভোট প্রচারণায় মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা। ওই শোভাযাত্রায় আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, জানতে চাইলে তিনি ওই সব কথা বলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি বাজার প্রদক্ষিণকালে পথচারী ও বিভিন্ন যানবাহন থমকে দাঁড়ায় বৃষ্টিভেজা কাদামাটি মাখা সড়কের এদিক-সেদিক। ওই বহর থেকে ‘রকিবুল ভাইয়ের মার্কা, চশমা মার্কা’ স্লোগান দিতে শোনা যায়।
পরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেঙ্গনমারী ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক রকিবুল ইসলাম। তিনি খুটামারা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি। এর প্রায় দুই ঘণ্টা পর মোটরসাইকেলের ওই বহরটি দেখা গেল ইউনিয়নের চৌরঙ্গী বাজারে। একইভাবে স্লোগান দিতে দিতে বাজার প্রদক্ষিণ করছিল বহরটি। এ সময় ওই বহরে থাকা চশমা প্রতীকের কর্মী বাবু বলেন, ৫২টি মোটরসাইকেলের বহর নিয়ে ভোট প্রচারণায় চশমা মার্কার পক্ষে সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইউনিয়নের একাধিক ব্যক্তি বলেন, গত শুক্রবার বিকেল থেকে ইউনিয়নে বিভিন্ন প্রার্থীর মোটরসাইকেল শোডাউন হচ্ছে। তাঁরা বহর নিয়ে হাটবাজারসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ২৮ মে উপজেলার ১১ ইউপি নির্বাচন হবে। খুটামারা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু সাইদ শামীম (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মাহফুজার রহমান (আনারস), বিএনপির নূরুল আমীন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রকিবুল ইসলাম (চশমা) ও স্বতন্ত্র রমানাথ চন্দ্র রায় (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, কোনো প্রার্থীর পক্ষে মোটরসাইকেলের বহর নিয়ে প্রচার-প্রচারণা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।