কক্সবাজারের মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত চার চেয়ারম্যান পদপ্রার্থী। গতকাল বুধবার বিকেলে ইউপি নির্বাচনের উপজেলা সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালামের কাছে তাঁরা নোটিশের জবাব দেন।
চার প্রার্থী হলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহ, মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক চৌধুরী, হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল এবং ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জিহাদ বিন আলী।
লিখিত জবাবে চার চেয়ারম্যান প্রার্থী দাবি করেন, প্রার্থীরা নিজে বা তাঁদের সমর্থক নেতা-কর্মীরা আচরণবিধির কোনো ধারা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেননি। ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও তাঁরা অঙ্গীকার করেন।
জানতে চাইলে গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করে এলাকায় গাড়িবহর নিয়ে শোডাউন করার অভিযোগে আওয়ামী লীগের চার চেয়ারম্যান পদপ্রার্থীকে গত মঙ্গলবার কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়। কারণ দর্শানো নোটিশের জবাবে তাঁরা এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।
গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আমার চট্টগ্রামে ‘আচরণবিধি কেবল কাগজেই’ শিরোনামে চার প্রার্থীকে নিয়ে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়।