
আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহীর তাহেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম আজাদ ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী ভোজ ও কর্মিসভা করেছেন। গতকাল শনিবার পৌর সদরে ছিল তাঁর এ রকম সর্বশেষ আয়োজন।
এ নিয়ে আবুল কালাম আজাদ তাহেরপুরের নয়টি ওয়ার্ডে মোট ১০টি নির্বাচনী ভোজ ও জনসভা করলেন। এর মধ্যে গতকালই ছিল প্রায় এক হাজার লোকের ভোজের আয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর তাহেরপুর ডিগ্রি কলেজে প্রথম নির্বাচনী ভোজের আয়োজন করা হয়। সেটি ছিল তাহেরপুর পৌর এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য। চিঠি দিয়ে তাঁদের আমন্ত্রণ জানানো হয়। সেদিন কলেজের ভেতরেই রান্নাবান্না করে নির্বাচনী জনসভা ও ভোজের আয়োজন করা হয়। অতিথিদের পোলাও, খাসির মাংস, মুরগির রোস্ট ও ডিম পরিবেশন করা হয়। এরপর পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে একটি করে এ রকম নির্বাচনী সভা ও ভোজের আয়োজন করা হয়।
স্থানীয় বাগমারা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এখন পথসভা ছাড়া কোনো প্রার্থী মঞ্চ তৈরি করে কোনো কর্মিসভা করতে পারবেন না। মিছিল বা ভোজ তো একেবারেই নিষিদ্ধ। কোনো প্রার্থী কর্মিসভা বা ভোজের আয়োজন করলে কী ব্যবস্থা নেওয়া হবে—জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে তাঁরা ব্যবস্থা নেবেন।
তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবার তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হচ্ছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মো. শামসুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন মো. নওশাদ আলম।
মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদের পক্ষ থেকেই গতকাল তাহেরপুর ডিগ্রি কলেজের বাইরে অবস্থিত মাঠে মঞ্চ করে কর্মিসভা ও ভোজের আয়োজন করা হয়। গতকাল বেলা একটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের ফটকে একজন পুলিশ সদস্য পাহারায় রয়েছেন। ভেতরে গিয়ে জানা গেল, কলেজের স্নাতক শ্রেণির ইন-কোর্স পরীক্ষা চলছে। পরীক্ষা চলাকালেই ভ্যানযোগে কলেজের গদি-আঁটা চেয়ারগুলো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নেওয়া হচ্ছে—জানতে চাইলে একজন বলেন, মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী জনসভা ও ভোজের আয়োজন করা হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে।
কলেজের পেছন দিকে মাঠ। সেখানে গিয়ে দেখা যায়, বিরাট প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের এক পাশে অতিথিদের বসার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চের পাশেই কলেজের চেয়ারগুলো রাখা হচ্ছে। মাঠের এক পাশে চলছে রান্নাবান্না। সেখানে পাঁচটি ডেকচিতে অনবরত রান্না চলছে। মসলা তৈরি ও সিদ্ধ করা আলুর ছাল তুলে আলাদা পাত্রে পিষতে ব্যস্ত কয়েকজন। দলের কয়েকজন নেতা পাশেই পেতে রাখা চেয়ারে বসে রান্নার তদারক করছেন।
মঞ্চের পাশে খাঁড়া করে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহীর বাগমারা আসনের সাংসদ এনামুল হকের বড় ছবি। একজন নেতা ছবিগুলো মঞ্চে দিতে বললে আরেকজন আচরণবিধি লঙ্ঘিত হতে পারে বলে তাঁকে সতর্ক করে দেন। প্রত্যুত্তরে আগের নেতাকে বলতে শোনা গেল, ‘বিধিই নাই, তার আবার আচরণ’। মঞ্চের পেছন দিকে টাঙানো ব্যানারে লেখা রয়েছে, নির্বাচনী কর্মিসভা ২০১৫। আয়োজনে: ২ নম্বর তাহেরপুর পৌর আওয়ামী লীগ।
ব্যানারে প্রধান অতিথি হিসেবে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুর নাম লেখা রয়েছে। অনুষ্ঠানের সভাপতি হিসেবে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুজ্জামান বাচ্চু এবং প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল কালাম আজাদের নাম লেখা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগের আরও কয়েকজন নেতার নাম রয়েছে।
সব আয়োজন শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্মিসভা শুরু হয়। এ সময় নেতারা মঞ্চে উঠে একে একে বক্তব্য দিতে শুরু করেন। বক্তারা বর্তমান মেয়র আবুল কালাম আজাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তাঁকে আবার নির্বাচিত করার আহ্বান জানান। পরে রাত নয়টার দিকে শুরু হয় ভোজ।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রার্থী আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।