আচরণবিধি মেনে চলার অঙ্গীকার প্রার্থীদের
জামালপুরে ছয়টি পৌরসভার প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন। জামালপুর পৌর পাবলিক হলে গতকাল শনিবার সকালে প্রার্থীদের মধ্যে পৌরসভা নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভায় তারা এ অঙ্গীকার করেন।সভায় জেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম নির্বাচন কমিশন ঘোষিত পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ১০টি বিধি ও এর বিভিন্ন উপবিধি নিয়ে আলোচনা করেন। জামালপুর জেলার ছয়টি পৌরসভায় এবার মেয়র পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আচরণবিধিমালা অবহিতকরণ সভায় ২৫০ জনের বেশি প্রার্থী উপস্থিত ছিলেন।রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মৃণাল কান্তি দেবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী প্রমুখ।