গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও স্মরণীয় করে রাখতে সব পক্ষকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। নির্বাচন উপলক্ষে গতকাল রোববার সকালে গাজীপুর সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, প্রথম নির্বাচন হিসেবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন একটি ইতিহাস হবে। ভোটাররা যাতে নির্বিঘ্ন পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা। সবার নজরদারিতে ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।’ গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও সাংবাদিক ছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইকরামুল হক, পুলিশ সুপার আবদুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহনওয়াজ দিলরুবা খান, রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমানসহ নির্বাচন কমিশন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।