আচরণবিধি মেনে চলার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি মেনে প্রচারণা চালানোর পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের নিয়ে পৃথক সভা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিল পদপ্রার্থীদের নিয়ে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রথম সভা হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম।
সভায় বিভ্রান্তি বা গুজবে কান না দিতে প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় ভোটার ও প্রার্থীদের। পরে বেলা সাড়ে তিনটায় একই সম্মেলনকক্ষে কুতুবজোম, ছোট মহেশখালী ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের নিয়ে পৃথক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুতুবজোম ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ ক্ষেত্রে পরাজিত হলেও তা মেনে নেওয়া যায়। কিন্তু কারচুপি করে কেউ নির্বাচিত হলে তা মেনে নেওয়া যায় না।’ তিনি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, সোনাদিয়া বিচ্ছিন্ন একটি দ্বীপ। এ দ্বীপে একটি ভোটকেন্দ্র রয়েছে। ওই কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
ছোট মহেশখালী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা বলেন, ছোট মহেশখালী ইউনিয়নের অধিকাংশ মানুষ পানচাষি। আর পাহাড়ি এলাকায় কাজ শেষে সন্ধ্যার পর লোকজন ঘরে ফেরেন। এ তাই ছোট মহেশখালী ইউনিয়নে রাত আটটার পরও নির্বাচনী প্রচারণা চালানোর জন্য আচরণবিধি কিছুটা শিথিল করার দাবি জানান তিনি।
সভায় প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, সুষ্ঠু নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের পরামর্শ দেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সভায় মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম, বড় মহেশখালী ও হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রিয়াদুল কুদ্দুস, কুতুবজোম ও ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মকছুদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।