আচরণবিধি লঙ্ঘন, চার প্রার্থীকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার মেয়র পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তাঁরা হলেন: মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাপা থেকে সদ্য বহিষ্কৃত পৌর জাপার সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ, বিএনপির কাওছার জামান ও ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম। প্রতীক পাওয়ার পর তাঁরা সবাই আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ সাংবাদিকদের জানান, আচরণবিধি তদারক করতে নির্বাচনের সময়, আগে ও পরে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। তাই গত ২৯ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কাজ করার জন্য ১৫ জন নির্বাহী হাকিম নিযুক্ত করা হয়েছে। ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত আরও ২২ জন নির্বাহী হাকিম কাজ করবেন। বর্তমানে ৩৩টি ওয়ার্ডে ১১টি ভ্রাম্যমাণ পরিদর্শক দল কাজ করছে বলে তিনি সাংবাদিকদের জানান। আর ১৮ ডিসেম্বর থেকে প্রতিটি ওয়ার্ডে কাজ করবেন একটি করে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক আরও জানান, নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ভ্রাম্যমাণ পরিদর্শক দল গঠন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার আওতায় একজন নির্বাহী হাকিম ও একজন বিচারিক হাকিম নিযুক্ত আছেন। ভ্রাম্যমাণ পরিদর্শক দলের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ভ্রাম্যমাণ আদালত। ৫ ডিসেম্বর ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সিটি নির্বাচন বিষয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হবে। এতে রংপুরের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচনী কর্মকর্তারা অংশ নেবেন। রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল রোববার চারজন মেয়র পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবে তাঁরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। এদিকে, গতকাল রোববার রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোছাদ্দেক হোসেনকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট মহানগর নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মেয়র পদে সরফুদ্দীন আহমেদকে সমর্থন দিয়েছে।