আচরণবিধি লঙ্ঘন, কমিশন চুপ

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আড়াই শতাধিক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৮টি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থী বা তাঁদের প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে ১২৭ ঘটনায়। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মন্ত্রী বা এই পদমর্যাদার ব্যক্তিদের আচরণবিধি মানতে বাধ্য করতে পারছে না নির্বাচন কমিশন।
প্রথম আলোর সঙ্গে আলাপকালে দুজন নির্বাচন কমিশনার, একজন রিটার্নিং কর্মকর্তা ও কমিশন সচিবালয়ের কর্মকর্তারা মন্ত্রী বা এমন পদমর্যাদার ব্যক্তিদের কিছু কর্মকাণ্ড ও কথা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। জাতীয় সংসদে তাঁর কার্যালয় রয়েছে। এই পদের কারণে তাঁর জন্য সরকারের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অবৈতনিকও নন। অথচ তিনি সিটি করপোরেশন নির্বাচনে তাঁর প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এরশাদের দাবি, আচরণবিধি তাঁর জন্য প্রযোজ্য নয়।
তবে নির্বাচন কমিশন সচিবালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, যে কারণে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না, একই কারণে এরশাদও পারবেন না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তিনি এই বক্তব্য দিতে পারেন কি না, তা নিয়েও আলোচনা-সমালোচনা চলছে। কেননা, নির্বাচন সুষ্ঠু করতে কী করা প্রয়োজন বা প্রয়োজন নেই সেই সিদ্ধান্ত কেবল নির্বাচন কমিশনই নিতে পারে। সরকারের দায়িত্ব শুধু কমিশনের চাহিদা অনুযায়ী আনুষঙ্গিক সহায়তা দেওয়া।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনও চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন, যা আচরণবিধির লঙ্ঘন। একজন নির্বাচন কমিশনার বলেছেন, সরকারের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য মূলত সরকারের অবস্থান তুলে ধরছে। ফলে কমিশন যদি মনেও করে, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, তখন বলা হবে, সরকার চায়নি বলে কমিশন সেনা মোতায়েন করেনি। মন্ত্রীদের এ ধরনের বক্তব্য অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। তিনি জানান, সিটি নির্বাচন নিয়ে মন্ত্রীদের সতর্কভাবে কথা বলতে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে অনুরোধ জানানো হবে।
নির্বাচনী প্রচার-প্রচারণার ১১ দিন পার হয়েছে। কিন্তু প্রার্থী ও তাঁর নির্বাচনী প্রচারণায় অংশকারীদের আচরণবিধি মানাতে কঠোর হতে পারছে না নির্বাচন কমিশন। ফলে প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। অন্যদিকে কিছু মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কথায় কমিশন ‘বিরক্ত’ হলেও তাঁদের সতর্ক করতে কোনো নোটিশ দেওয়া হয়নি।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সরকার-সমর্থক প্রার্থী ও তাঁদের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বেশি। তবে বিএনপি-সমর্থক উত্তর ও দক্ষিণের মেয়র এবং কিছু কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ এসেছে।
নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এই তিন সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। এর মধ্যে ৯০টির মতো অভিযোগের মীমাংসা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতগুলো প্রতিদিনই গড়ে ১২ থেকে ১৫টি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ব্যবস্থা মূলত জরিমানার মধ্যেই সীমাবদ্ধ।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, অভিযোগ পেলে তাঁরা ব্যবস্থা নিচ্ছেন। অনেক ক্ষেত্রে ঘটনা ঘটছে কিন্তু কেউ হয়তো অভিযোগ করছে না। বিষয়গুলো কমিশনের নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকায় বিএনপি-সমর্থিত উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গতকাল শনিবার গাবতলীতে মিছিল করেছেন। আগের দিন দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালাতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। তিনি দুপুর দুইটার আগেই মাইক ব্যবহার করেন। ভ্রাম্যমাণ আদালত বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেয়নি।
সরকার-সমর্থক ঢাকা দক্ষিণের প্রার্থী সাঈদ খোকন গত শুক্রবার জুরাইনে চিশতী মসজিদে নামাজ পড়ে সেখানেই নির্বাচনী প্রচার চালান। ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচার নিষিদ্ধ। আর আনিসুল হক একই ধরনের গেঞ্জি সমর্থকদের পরিয়ে প্রচার চালান। কোথাও কোথাও তাঁর পক্ষে মিছিল করারও অভিযোগ আছে।
এসব বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, এইচ এম এরশাদ নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন না। তিনি মন্ত্রীর পদমর্যাদাধারী। আর তাবিথ আউয়াল ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।
কাউন্সিলর পদপ্রার্থী কাওছার আহমেদকে পুলিশ গ্রেপ্তার করলেও কমিশন বা রিটার্নিং কর্মকর্তা এ নিয়ে পুলিশের সঙ্গে কোনো কথা বলেননি। প্রার্থী গ্রেপ্তারের পর পুলিশ কমিশনকে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেনি।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনের কোনো ছাড় দেওয়া উচিত হচ্ছে না। এতে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে। কমিশনের উচিত সময়ে সময়ে এসব ব্যাপারে মন্ত্রী বা অন্যান্য পক্ষকে সতর্ক করে বক্তব্য দেওয়া। কিন্তু এটা দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনকে কথা বলতে হবে।
দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের জন্য মোট ৯০ জনকে নোটিশ দিয়েছিলেন। এর মধ্যে ৬০ জন প্রার্থী নোটিশের জবাব দিয়েছেন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছিল। আর প্রচারণা শুরুর পর এখানে আরও ৩৮টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে এই সিটিতেও প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেলায় ছাড় দেওয়া হচ্ছে। এমনকি জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ দলীয় কার্যালয়ে ভোজের আয়োজন করলেও এবং এইচ এম এরশাদ তাঁর পক্ষে প্রচারে অংশ নেওয়ার পরও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বা ভ্রাম্যমাণ আদালত কোনো ব্যবস্থা নেয়নি। একই অবস্থা সাঈদ খোকন ও মির্জা আব্বাসের ক্ষেত্রেও ঘটছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শনিবার পর্যন্ত ৬০টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিধি ভেঙে মাইকিং করার দায়ে মেয়র প্রার্থী ওয়ায়েজ হোসেন ভূঁইয়াকে ১৭ এপ্রিল ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও পাঁচজন কাউন্সিলর প্রার্থীরা আর্থিক জরিমানা করা হয়। দুই প্রধান মেয়র পদপ্রার্থী মনজুর আলম ও আ জ ম নাছির এবং আট কাউন্সিলর প্রার্থীকে বিধি ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে অর্থাৎ ১৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ২৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আর প্রতীক বরাদ্দের পর ৮ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৩৬টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। নোটিশের জবাব পাওয়ার পর কাউকে কাউকে সতর্ক করেছি। যেখানে জবাব সন্তোষজনক হয়নি, সেখানে আর্থিক জরিমানা করেছি। তবে একই ব্যক্তি বারবার আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আমাদের ১৪টি তদন্ত দল কাজ করছে।’