চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছেন প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদের চার প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দেয়ালে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, দেয়ালে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এখনো প্রশাসনের কাছে কেউ অভিযোগ করেনি।
সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। বাড়ি, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং মসজিদের দেয়ালেও রয়েছে নির্বাচনী পোস্টার। গ্রামগঞ্জে বিভিন্ন দেয়ালে এই পোস্টারের সংখ্যা বেশি। উপজেলার পাথরঘাটা, সাবাইতারা, কালইর, কাজলা গ্রামে বিভিন্ন দেয়ালে এসব পোস্টার চোখে পড়ে। কাজলা মোড়ের একটি মসজিদের সীমানা দেয়ালও পোস্টারে ছেয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতে প্রার্থীর সমর্থকেরা পোস্টার লাগিয়ে যান। জামায়াত-সমর্থিত প্রার্থী সেরাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী প্রথমে দেয়ালে পোস্টার লাগিয়েছেন। তাঁকে দেখে অন্য প্রার্থীরাও পোস্টার লাগিয়েছেন।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল কাদের বলেন, ভুল করে কয়েকজন দেয়ালে পোস্টার লাগিয়েছেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু তাহের জানান, দেয়ালে পোস্টার দেখার পর তিনি নিজে তা ছিঁড়ে ফেলেছেন। যেসব স্থানে এখনো দেয়ালে পোস্টার লাগানো আছে, তা তুলে ফেলতে কর্মীদের নির্দেশ দিয়েছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী এম মজিদুল হক জানান, অন্য দলের পোস্টার দেখে তাঁর কর্মীরাও দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এটা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন এবং এটা করা উচিত হয়নি।
প্রার্থীরা স্বীকার করলেও আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি তাঁদের চোখে পড়েনি বলে দাবি করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে এম কামরুজ্জামান।
কামরুজ্জামান বলেন, দেয়ালে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তবে বিষয়টি তাঁদের চোখে পড়েনি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুুগ ব্যবস্থা নেওয়া হবে।