আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ড ভোগ করতে হবে: জাবেদ আলী
নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, কোনো প্রার্থী বা নির্বাচন সংশ্লিষ্ট কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাঁকে দণ্ড ভোগ করতে হবে। সেক্ষেত্রে কোনো ব্যক্তির পদ বা মর্যাদা বিবেচনা করা হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সবকিছু করবে।
আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি পর্যালোচনা সভায় নির্বাচন কমিশনার জাবেদ আলী এ কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, জেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহামুদ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম আলী, হাবিবুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিধি অনেক বড়। এখানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না।
পিরোজপুরের কয়েকটি উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাধা ও এক চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ করে মনোনয়নপত্র ছিনতাইয়ের প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে তা দুঃখজনক। এ রকম পরিস্থিতিতে তিনি প্রার্থীদের প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সমান।
সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে তিনি বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে অনেক পত্রিকা যথাযথ খবর ছাপানি। তিনি বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের স্বার্থে পুলিশের পাশাপাশি র্যাব এবং প্রয়োজন বিজিবি মোতায়েন করা হবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হতে পারে।