আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, সংসদ সদস্যরা যদি উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন, তবে তাঁদেরও আচরণবিধির সীমার মধ্যে থেকে তা করতে হবে। এর অন্যথা হলে আচরণবিধি লঙ্ঘনকারী যেই হোন না কেন, তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মো. জাবেদ আলী এসব কথা বলেন।
জাবেদ আলী বলেন, ‘নির্বাচনী আইনে মন্ত্রীরা এ ধরনের নির্বাচনে প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে সুস্পষ্ট উল্লেখ আছে। তবে সংসদ সদস্যদের বিষয়ে কিছু বলা নেই। তবে আমি মনে করি, তাঁদেরও এসব নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়াই শ্রেয়।’ তিনি আরও বলেন, একসঙ্গে এতগুলো উপজেলায় যাতে আর নির্বাচন না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। আর যদি হয়ও, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থাপনা এবারের চেয়েও সহজ ও সুষ্ঠু হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা সানাউল হক।