ঝিনাইদহ পৌরসভার দুই মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া গেছে। এ আচরণবিধিতে নির্বাচনের আগে নিষিদ্ধ হওয়ার পরও তাঁরা ও তাঁদের সমর্থকেরা গত সোমবার ঝিনাইদহ শহরে মিছিল ও মহড়া করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। যে দুই মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে, তাঁরা হচ্ছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল খালেক এবং সাইদুল করিম। সোমবার এ পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে কেন্দ্র থেকে সাইদুর করিম ও স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে রোববার আবদুল খালেকের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১০ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকেই ছয়জন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন—সাইদুল করিম, আজিজুর রহমান, আবদুল খালেক, কাজী কামাল, মাহমুদুল ইসলাম ও নাসের আলম সিদ্দিকী। কিন্তু শেষ দিনে চার প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাঁরা হচ্ছেন—আজিজুর রহমান, মাহমুদুল ইসলাম, নাসের আলম সিদ্দিকী ও কাজী কামাল। তাঁরা মনোনয়ন প্রত্যাহারের পর দুপুরে আবদুল খালেককে সমর্থন দিয়ে সোমবার ঝিনাইদহ শহরে মিছিল ও সমাবেশ করেছেন। মিছিলের সামনে থেকে প্রার্থী আবদুল খালেক হাত উঁচিয়ে সবার দোয়া চেয়েছেন। মেয়র পদপ্রার্থী আবদুল খালেক বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের পর তাঁরা একত্র হয়েছিলেন মাত্র। তাঁর সমর্থকেরা আর মিছিল করবেন না।’ আবদুল খালেক অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যায় সাইদুল করিমের সমর্থকেরা শহরে নির্বাচনী মিছিল বের করেন। প্রার্থী নিজেই মিছিলের নেতৃত্ব দেন। জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘পথসভা ছাড়া কোনো প্রার্থী নির্বাচনী মিছিল বা সভা করতে পারবেন না। দু-একজন প্রার্থী শহরে মিছিল-সমাবেশ করেছেন বলে মৌখিকভাবে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’ মেয়র প্রার্থী সাইদুল করিম জানান, ওইদিন সন্ধ্যায় মিছিল নয় পথসভা করা হয়েছিল।