আচরণবিধি লঙ্ঘন করায় তিন মেয়র প্রার্থীকে সতর্ক
আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও প্রচারণা চালানোর মাধ্যমে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিন মেয়র প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন, ‘বিদ্রোহী প্রার্থী’ মাহমুদুল হক খান ও বিএনপি-সমর্থিত বলে দাবিদার আহসান হাবিবকে সতর্ক করে দেওয়া হয়েছে। অবশ্য প্রার্থীদের কেউ-ই প্রচারণা চালানোর অভিযোগ স্বীকার করেননি। শওকত হোসেন, আহসান হাবিব ও মাহমুদুল হক খান বলছেন, তাঁরা ভোট চাননি। জনগণের কাছে দোয়া চাইছেন মাত্র। এদিকে আচরণবিধি লঙ্ঘনের বিষয় পর্যবেক্ষণ করার জন্য ১০ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে গঠিত দল ভ্রাম্যমাণ আদালত কাল সোমবার থেকে মাঠে নামবেন। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি সময় ক্ষেপণ করলেও ১২ মে মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছেন সদ্য সাবেক মেয়র শওকত হোসেন।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস বলেন, কোনো লিখিত অভিযোগ না পেলেও তাঁর পর্যবেক্ষক দলের সদস্যরা শওকত হোসেন, আহসান হাবিব ও মাহমুদুল হক খানের বিতরণ করা প্রচারপত্র পেয়েছেন। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁদের প্রতিনিধিদের ডেকে এনে সতর্ক করে দেওয়া হয়েছে।