আচরণবিধি লঙ্ঘন করায় তিনজনের জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে জরিমানা করেছেন।
গতকাল রোববার বিকেলে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার কদমহাটা এলাকায় ওই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মাহমুদুল্লাহ মারুফ।
ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রচারণা বন্ধ হওয়ার পরও গতকাল রাজনগর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামের আমির মো. আবদুল মান্নানের পক্ষে দুটি মোটরসাইকেল ও নমুনা ব্যালট নিয়ে প্রকাশ্যে প্রচারণা চালানো হচ্ছিল। বিকেল চারটার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কদমহাটা এলাকায় প্রচারণা চালানোর সময় সৈয়দ এনামুল হক (৪৭), মামুন মিয়া (৫৫) ও আমিনুল ইসলামকে (৪২) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী হাকিম আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রচারণা বন্ধ। কিন্তু তাঁরা দুটি মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন।