আচরণবিধি লঙ্ঘন করায় ফিরোজ রশীদকে ইসির নোটিশ
সম্ভাব্য মেয়র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী ফিরোজ রশীদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা এই নোটিশ পাঠান।ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তা গতকাল শুক্রবার জানিয়েছেন, সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের ধারা অব্যাহত রেখেছেন। গতকালও সহকারী রিটার্নিং কর্মকর্তারা পুলিশের সহায়তায় নগরের বিভিন্ন এলাকা থেকে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অবৈধ পোস্টার, বিলবোর্ড ও ব্যানার অপসারণ এবং লিফলেট জব্দ করেছেন।ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান প্রথম আলোকে জানান, সম্ভাব্য মেয়র প্রার্থী কাজী ফিরোজ রশীদ গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে সঙ্গে নিয়ে শান্তিবাগ, ধলপুর ও গেন্ডারিয়া এলাকায় নির্বাচনী জনসভা করেছেন। আইন অনুযায়ী এ ধরনের প্রচারণা অবৈধ হওয়ায় গতকাল তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। উত্তরের রিটার্নিং কর্মকর্তা মোর্শেদ বলেন, সম্ভাব্য প্রার্থীরা গতকাল রাজধানীর বিভিন্ন মসজিদে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তারা অনেক জায়গা থেকে তা জব্দ করেছেন। মিহির সারোয়ার বলেন, ইসি মনোনয়নপত্র বাছাইয়ের আগপর্যন্ত অবৈধ প্রচারপত্রের নমুনা সংগ্রহ করবে। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় অবৈধ প্রচারের এসব উপকরণ আমলে নেওয়া হবে। তা ছাড়া প্রার্থীদের আগাম সতর্ক করে জানিয়ে দেওয়া হবে এ ধরনের অপরাধের জন্য মনোনয়নপত্র বাতিল হতে পারে। ঢাকা দক্ষিণে গতকাল সাধারণ কাউন্সিলর পদে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। উত্তরের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে জানানো হয়েছে, গতকাল সেখানে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।