কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হককে গতকাল মঙ্গলবার সতর্ক করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি ঠিকমতো পালন করা হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণে কাজ করছেন নয়জন ম্যাজিস্ট্রেট।এদিকে, নির্বাচন সামনে রেখে ১৫ ডিসেম্বর থেকে চিরুনি অভিযান শুরু হলেও পুলিশ গত পাঁচ দিনে ১৪১ তালিকাভুক্ত সন্ত্রাসীর মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে।গতকাল নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরুল হক প্রচারণার জন্য নিজের বাড়ির সামনে বিলবোর্ড স্থাপন করে নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কাজ করেছেন। এ জন্য তাঁকে সতর্ক করা হয়। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।আচরণবিধি পর্যবেক্ষণে নয়জন ম্যাজিস্ট্রেট: কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাঈদ মাহবুব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, আচরণবিধি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গত ৩০ নভেম্বর থেকে কাজ করছেন নয়জন ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ পর্যন্ত তাঁরা ১৭টি মামলা, ১৭ জনকে সাজা দেন এবং ৭৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘নয়জন ম্যাজিস্ট্রেট কুমিল্লার বাইরে থেকে এসেছেন। তাঁরা নিরপেক্ষভাবে আচরণবিধি পর্যবেক্ষণ করছেন।’ চিরুনি অভিযানে গ্রেপ্তার ১: নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান শুরু করলেও গত পাঁচ দিনে তালিকাভুক্ত ১৪১ জন সন্ত্রাসীর মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র একজন। অভিযোগ, পুলিশি তৎপরতা কম থাকার কারণে তালিকাভুক্ত সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে না। নির্বাচনে ওই সব সন্ত্রাসী প্রভাব বিস্তার করতে পারে বলে এলাকায় প্রচার রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ১১৩ জন তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে শাসনগাছা থেকে বাগিচাগাঁও এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশকে পুলিশ গ্রেপ্তার করে। পলাশ ৯৬ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা, জবরদখল ও সন্ত্রাসের অভিযোগে তিনটি মামলা রয়েছে। তিনটি মামলাতেই তাঁর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’