আচরণবিধি লঙ্ঘন করে গভীর নলকূপ স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে নলকূপ বসানোর অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর ইতিমধ্যে চারটি গভীর নলকূপ বসানো হয়েছে এবং একটি বসানোর কাজ চলছে।নাম প্রকাশ না করার শর্তে পটুয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা জানান, জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ ২৫টি গভীর নলকূপ পেয়েছেন, যার কিছু নলকূপ এখন বসানো হচ্ছে। ইতিমধ্যে ৭ নম্বর ওয়ার্ডে হাচন দালালের পুরোনো বাড়ি, ৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল বাড়ি, ৬ নম্বর ওয়ার্ডের মিস্ত্রি বাড়ি, ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে নলকূপ বসানো হয়েছে ওই প্রার্থীর পক্ষ থেকে। বর্তমানে শেরেবাংলা সড়কে আরেকটি বসানোর প্রক্রিয়া চলছে।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী কাজী ফরিদুজ্জামান বলেন, নলকূপ বসানো ভালো, তবে সেটা তফসিল ঘোষণার পর কেন? নির্বাচন চলাকালে কোনো ধরনের বরাদ্দ কিংবা উন্নয়নমূলক কোনো কাজ নির্বাচনী এলাকায় করার বিধান নেই। তিনি অভিযোগ করেন, বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সরকারদলীয় হুইপ আ স ম ফিরোজের সাংসদের কোটায় বরাদ্দ পাওয়া গভীর নলকূপ বসানো হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে তাঁর কাছে অভিযোগ এসেছে। নির্বাচনের মুহূর্তে এ-জাতীয় উন্নয়নকাজ আচরণবিধির লঙ্ঘন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।হুইপ আ স ম ফিরোজ বলেন, নলকূপ বসানোর ব্যাপারে তিনি কিছু জানেন না। তাঁকে হেয় করার জন্য অপপ্রচার করা হচ্ছে।