আচরণবিধি লঙ্ঘন করে নিয়োগ, কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সামনে রেখে কর্মচারী নিয়োগ দেওয়ায় পাবনার ফরিদপুর পৌরসভার বর্তমান মেয়র ও মেয়র পদপ্রার্থী আবুল হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিয়োগকে অবৈধ ঘোষণা করে আন্দোলন শুরু করেছেন কাউন্সিলররা। গত সোমবার তাঁরা নিয়োগ বন্ধের দাবিতে পৌরসভা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের জুন মাসে পৌরসভার অফিস সহকারী, হিসাবরক্ষক, ভান্ডাররক্ষক ও ঝাড়ুদারের ১২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী নিয়োগ-প্রক্রিয়ায় অংশ নেন। এর মধ্যে থেকে পৌর চেয়ারম্যান ১২ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত করেন। কিন্তু পৌরসভার কাউন্সিলররা মেয়রের বিরুদ্ধে নিয়োগে আত্মীয়করণ, স্বজনপ্রীতি ও অর্থ গ্রহণের অভিযোগ আনলে নিয়োগ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন বিষয়টি ধামাচাপা থাকে।একাধিক কাউন্সিলর অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে বর্তমান পৌর মেয়র ও মেয়র পদপ্রার্থী আবুল হোসেন পুনরায় নিয়োগ-প্রক্রিয়া শুরু করেন। গত রোববার সকালে তিনি তড়িঘড়ি করে নিয়োগপত্র চূড়ান্ত করেন, যা সম্পূর্ণ অবৈধ ও নির্বাচন আচরণবিধি পরিপন্থী।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নুল আবেদিন বলেন, বর্তমান মেয়র আসন্ন পৌরসভা নির্বাচনে চশমা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী আচরণবিধির ১৬ ধারা অনুযায়ী তিনি নির্বাচনের আগে কোনো উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন করতে পারেন না। তাই তাঁর এই নিয়োগ-প্রক্রিয়া নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে। বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু এখনো মেয়রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা বলেন, বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে প্রার্থী হয়ে মেয়র যদি নিয়োগ-প্রক্রিয়া চালান, তবে অবশ্যই তা আচরণবিধি লঙ্ঘন করবে।’ বিষয়টি নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় কাউন্সিলররা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। সোমবার দুপুরে তাঁরা নিয়োগ বন্ধের দাবিতে পৌরসভা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, নিয়োগের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই কাউন্সিলররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সোমবার সকালে তাঁরা পৌর কার্যালয়ে হইচই বাধিয়ে দেন। পরদিন মেয়র কার্যালয়ে আসেননি। এ কারণে কাউন্সিলররা পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত পৌর কার্যালয় তালাবদ্ধ ছিল। এ বিষয়ে আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে সম্পূর্ণ বৈধভাবে গত ৫ ডিসেম্বর এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। নিয়োগে কোনো স্বজনপ্রীতি বা আত্মীয়করণ করা হয়নি। নির্বাচনে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে।’