আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা
এক দিকে মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের ছবি, অন্যদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। এই দুই ছবিসংবলিত বিরাট ব্যানারে লেখা হয়েছে, ‘আওয়ামী লীগ-সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান এবং কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিকে নির্বাচিত করুন’। ‘যুবলীগ বৃহত্তর আম্বরখানা শাখা’র নাম দিয়ে ওই ব্যানার গতকাল বুধবার নগরের কেন্দ্রস্থলের আম্বরখানা এলাকার একটি বিপণিবিতানের সামনে টানানো হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এ রকম প্রচারণা নিষিদ্ধ। এ ব্যাপারে জানতে চাইলে মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার দাবি করেন, আম্বরখানা এলাকায় যুবলীগের কোনো কমিটি নেই। তাঁদের অজ্ঞাতে কে বা কারা ব্যানারটি টানিয়েছে। ব্যানারটি এখনই অপসারণ করা হবে। শুধু এটি নয়, সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন উপলক্ষে নানা কৌশলে আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের আগাম প্রচারণা চলছেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেটসহ দেশের চারটি সিটি করপোরেশনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর গতকাল থেকে বাছাই শুরু হয়েছে। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৭ মে প্রার্থীদর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ ১৫ জুন। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের নির্দিষ্ট দিনক্ষণ ছাড়া কোনো প্রার্থী নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা, গোপনে সভা-সমাবেশ, পোস্টার, প্রচারপত্র, ফেস্টুন সাঁটানো কিংবা টেলিভিশন, পত্রিকা কিংবা কোনো প্রচারমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবেন না। কিন্তু এ নিয়ম অনেকাংশেই মানা হচ্ছে না। রাতে লোক জমায়েত করে সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। এক সপ্তাহ ধরে স্থানীয় কেব্লস সিস্টেম প্রাইভেট লিমিটেডে (এসসিএস) বিজ্ঞাপনের মাধ্যমে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শামীম আহমদ চৌধুরী এলাকাবাসীর দোয়া চাইছেন। কেব্ল অপারেটরদের মাধ্যমে স্থানীয়ভাবে প্রচারিত ‘মিউজিক’, ‘সিনেমা’, ‘মেট্রো’ ও ‘মুভি’ চ্যানেলে এসব বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থী অভিযোগ করেন, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের অর্ধশতাধিক কাউন্সিলর রাতে গোপনে সভা-সমাবেশ করছেন। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতারা মসজিদ-মন্দির ও চায়ের দোকানে লোক জমায়েত করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।গত সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচন কমিশনের দুটি প্রতিনিধিদল নগরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে বের হয়। রাত সাড়ে আটটার দিকে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোখলেসুর রহমান কামরান ২০ জন লোক নিয়ে তাঁর ওয়ার্ডের বর্ণমালা স্কুলের সামনে সমাবেশ করছিলেন। কমিশনের প্রতিনিধিদল মোখলেসুরকে হাতেনাতে আটক করে। ‘ভবিষ্যতে এ-জাতীয় সমাবেশ আর করা হবে না’ মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান। রাত ১১টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের চাঁদনীঘাট এলাকায় অভিযান চালায় প্রতিনিধিদল।জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নির্বাচনী আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব প্রার্থী স্থানীয় কেব্ল অপারেটরের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থার নেওয়া হবে বলে তিনি জানান।