আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় এইচ এম এরশাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রংপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে নিজ দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে গণসংযোগে ব্যস্ত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গত রোববার ও গতকাল সোমবার দুই দিনে শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও কর্মিসভা করেছেন তিনি।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, একজন মন্ত্রী পদমর্যাদার লোক এভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন না। বিষয়টি দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
যোগাযোগ করা হলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘উনি (এরশাদ) প্রধানমন্ত্রীর বিশেষ দূত। মন্ত্রী পদমর্যাদার পদে থেকে উনি যদি নির্বাচনী প্রচারণা চালান, তবে তা আচরণবিধির লঙ্ঘন।’
এ ব্যাপারে এইচ এম এরশাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
গতকাল সকালে সদ্দপুষ্করিণী ইউনিয়নের ভুরারঘাট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ছয় কোটি টাকা ব্যয়ের একটি সড়কের নির্মাণকাজেরও উদ্বোধন করেন এরশাদ। এরপর বিকেল পর্যন্ত তিনি চন্দনপাট বাজার, শিবেরবাজার, পানবাজার, ভুরারঘাট এলাকায় কর্মিসভা করেন। এ ছাড়া রোববার সদর উপজেলার পালিচড়া হাট, লাহিড়ীরহাট, মোমিনপুর বাজার, পাগলাপীর বাজার এবং গঞ্জিপুর বাজারে কর্মিসভা করেন।
কর্মিসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘এর আগে অনুষ্ঠিত রংপুরের চারটি উপজেলা পরিষদের নির্বাচনে একটিতেও জাতীয় পার্টি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করতে পারেনি। এবার তাই আপনাদের মাঝে আমি নিজে ছুটে এসেছি।’
এরশাদ তাঁর দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুলতানা আক্তার কল্পনা; পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে মাসুদার রহমান ও কাজলী বেগমকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা তাদের দিকে দেখবেন। তারা আমারই দলের লোক। এর আগে আমি আপনাদের এলাকার তেমন কোনো উন্নয়ন করতে পারিনি। এবার তা করতে চাই।’ এই প্রচারাভিযানে এরশাদের সঙ্গে ছিলেন তাঁর ভাতিজা রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক সাংসদ আসিফ শাহরিয়ার, জাতীয় পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী প্রমুখ।
ইতিপূর্বে রংপুরের আট উপজেলার মধ্যে চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটিতেও জাতীয় পার্টি-সমর্থিত কোনো চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেননি। ১৯ মে সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরশাদ গত শনিবার চার দিনের সফরে রংপুরে আসেন। তিনি অন্য উপজেলাও সফর করবেন বলে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদেরী জানিয়েছেন। ৭ মে তিনি ঢাকায় ফিরে যাবেন। সদর উপজেলায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবেদ আলী চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।