ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও প্রতিমন্ত্রী সালমা ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বেশ কয়েক দিন ধরে সরকারি গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী মান্নান খানের সমর্থকদের মৌখিক অভিযোগের ভিত্তিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বৃহস্পতিবার দুপুরে তাঁকে পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সংসদ নির্বাচনে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাঁদের নির্বাচনী এলাকায় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন না। এ নিষেধাজ্ঞা অমান্য করে সালমা ইসলাম তফসিল ঘোষণার পর থেকেই গাড়িতে পতাকা উড়িয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। বৃহস্পতিবার এ বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান পতাকা ব্যবহার না করতে সালমা ইসলামকে নির্দেশ দেন। পরে গাড়ি থেকে পতাকা নামিয়ে ফেলেন সালমা ইসলাম।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে প্রচারণা চালানো আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে সালমা ইসলামকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হলে তিনি প্রচারণাকালে গাড়িতে পতাকার ব্যবহার বন্ধ করেন।