ঢাকার সাভার ও ধামরাই পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণায় প্রযুক্তির ব্যবহার এবার নতুন মাত্রা যোগ করেছে। পোস্টার আর ব্যানার ঝোলানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। ফেসবুকে প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি মানছেন না অনেকেই।
প্রার্থী ও তাঁদের স্বজন এবং সমর্থকদের ফেসবুক আইডি থেকে রঙিন পোস্টারে প্রার্থীদের ছবির সঙ্গে দলীয় প্রধান ছাড়াও স্থানীয় সংসদের ছবি ব্যবহার করা হচ্ছে। ওই সব পোস্টারে ভোটারদের আকৃষ্ট করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি; যা পৌর নির্বাচনী আচরণবিধির ৪ ও ৮-এর ৫ এবং ৬ উপধারার পরিপন্থী। সাভারের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন মিয়া বলেন, ‘যেকোনো ধরনের প্রচারণার ক্ষেত্রেই আচরণবিধি মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলেই তা আচরণবিধি লঙ্ঘনের শামিল।’
ধামরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী গোলাম কবির ফেসবুকে ভোট প্রার্থনা করে দেওয়া এক পোস্টারে কয়েকটি রং ব্যবহার করেছেন। ওই পোস্টারে তাঁর নিজের ছবির সঙ্গে স্থানীয় সাংসদ এম এ মালেকসহ কয়েকজনের ছবি রয়েছে। ভোটারদের আকৃষ্ট করতে তিনি অনেক প্রতিশ্রুতিও দিয়েছেন।
জানতে চাইলে গোলাম কবির বলেন, ‘আমার ফেসবুক আইডিতে আমি কোনো পোস্টার পোস্ট করিনি, অন্য কেউ করতে পারেন।’
সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল গনির ছেলে কামরুল হাসান ফেসবুকে পোস্ট করা এক পোস্টারে তাঁর বাবার ছবির সঙ্গে স্থানীয় সাংসদ এনামুর রহমানসহ কয়েকজনের ছবি ব্যবহার করেছেন।
এ ছাড়া আবদুল গনিও নিজের ফেসবুক আইডিতে রঙিন পোস্টারে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
সাদা-কালো পোস্টার ব্যবহার করে ও কোনো প্রতিশ্রুতি না দিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন সাভারের মেয়র পদপ্রার্থী সালাউদ্দিন খান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রমজান আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন এবং সংরক্ষিত নারী আসনের ঝুমা খান ও সুলতানা রাজিয়াসহ আরও অনেক প্রার্থী। ধামরাইয়ের মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তার ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেব আলীও একইভাবে ফেসবুকে প্রচার চালাচ্ছেন
সাভার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী বদিউজ্জামানের কোনো পোস্টার চোখে পড়েনি। কিন্তু আদিল হোসাইন নামে এক আত্মীয়র ফেসবুক আইডি থেকে তাঁর পোস্টার পোস্ট করা হয়েছে। এ ছাড়া বদিউজ্জামান ও তাঁর স্বজন এবং দলীয় নেতা-কর্মীরা মুঠোফোনে ভোট চাইছেন।
বদিউজ্জামান বলেন, ‘আমাকে প্রকাশ্যে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। তাই আপাতত ফেসবুক ও মুঠোফোনে প্রচারণা চালাচ্ছি। এ ছাড়া আমার স্ত্রীসহ কতিপয় কর্মী গোপনে মাঠে কাজ করে যাচ্ছেন।’
সাভারের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, ‘রঙিন পোস্টারে নিজের ছবির সঙ্গে দলীয় প্রধানসহ স্থানীয় সাংসদের ছবি দিয়ে ফেসবুকে প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কি না, তা নিয়ে নির্বাচন কমিশনে কথা বলতে হবে। তবে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।