আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইলেন চিফ হুইপ
সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার নামে পটুয়াখালীর বাউফলে এসে জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে চিফ হুইপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে অস্বীকার করেছেন।
নির্বাচন কমিশন চতুর্থ ধাপে বাউফলসহ ৯২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি। এসব উপজেলায় ২৩ মার্চ ভোট গ্রহণ করা হবে। তফসিল ঘোষণার এক মাসের মধ্যে পাঁচবার এলাকায় এসেছেন আ স ম ফিরোজ। এর মধ্যে চারবারই বিভিন্ন সভা-সমাবেশে তিনি দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা।
নির্বাচনী বিধি অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের সমপদমর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
সরকারি সফরসূচি ও দলীয় সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার পরের দিন ১৪ ফেব্রুয়ারি সরকারি সফরে এসে চিফ হুইপ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন। তখন তিনি বিভিন্ন স্থানে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। ১৫ ফেব্রুয়ারি তিনি ঢাকায় চলে যান।
২১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় আবার বাউফলে আসেন আ স ম ফিরোজ। সর্বস্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান। ২২ ফেব্রুয়ারি পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে তিনি কালাইয়া বন্দরের মুড়িরহাট এলাকায় সভা করেন। ওই সভায় দলের সমর্থিত তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিফ হুইপ। ওই তিন প্রার্থী হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন খান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের স্ত্রী মো. রেহেনা বেগম। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে নেতা-কর্মীদের নিয়ে বাউফল পৌর শহরে চিফ হুইপ মহড়া দেন। ২৪ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে বাউফল ত্যাগ করেন তিনি।
২৮ ফেব্রুয়ারি তৃতীয় দফায় চিফ হুইপ বাউফলে আসেন। সফরসূচি অনুযায়ী, ১ মার্চ সকালে তাঁর চলে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ওই দিন তিনি তাঁর কালাইয়ার বাসভবনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে সভা করেন। ওই সভায় দলের সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
৭ মার্চ আ স ম ফিরোজ বাউফলে আসেন। সরকারি সফরসূচি অনুযায়ী, ওই দিন বিকেলে বগা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভায় সভাপতি হিসেবে যোগদান করার কথা ছিল তাঁর। পরের দিন ৮ মার্চ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই দিন চিফ হুইপের সঙ্গে দেখা করেছেন এমন অনেক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আ স ম ফিরোজ তাঁদের কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন। গত শনিবার ঢাকার উদ্দেশে বাউফল ত্যাগ করেন তিনি।
সর্বশেষ ১৫ মার্চ প্রধান অতিথি হিসেবে একটি ওয়াজ মাহফিলে যোগ দেওয়ার জন্য চিফ হুইপ গতকাল বৃহস্পতিবার আবার বাউফলে এসেছেন। এ ছাড়া ২৩ মার্চ ভোট দেওয়ার জন্য বাউফলে থাকবেন তিনি।
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শহীদুর রহমান এবং একই পদের অপর প্রার্থী মো. তসলিম তালুকদার বলেন, আচরণবিধি লঙ্ঘন করে চিফ হুইপ দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি এভাবে প্রভাব বিস্তার করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
নির্বাচনী প্রচারণার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তারা জানে, আমার অবস্থান কোথায় ছিল।’
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে জানানো হবে।