আচরণবিধি লঙ্ঘন করে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামিউল হক লিটনকে সঙ্গে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডলের নেতৃত্বে গতকাল সোমবার মিছিল করা হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী জেলা নির্বাচন কার্যালয়, আদালত চত্বর, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মেয়র প্রার্থী সামিউল হক লিটন।
এ ব্যাপারে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সদর আসনের সাবেক সাংসদ হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিক থেকেই মঈনুদ্দীন মণ্ডল জেলা পরিষদের গাড়ি ব্যবহার করে সরকারি দলের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। শেষ দিকে নিজেদের ভরাডুবি টের পেয়ে গতকালও তাঁর নেতৃত্বে জেলা নির্বাচন কার্যালয়, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে মিছিল করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। অথচ প্রশাসনের কর্মকর্তারা এ ব্যাপারে নীরব।
তিনি অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সরকারি দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
মেয়র প্রার্থী ও জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির আচরণবিধি ভঙ্গ করে জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডলের নেতৃত্বে শহরে মিছিল করার ঘটনাকে অনৈতিক উল্লেখ করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান।