রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদিন রাতে কাউন্সিলর পদপ্রার্থীদের পক্ষে বিভিন্ন পাড়ায় মিছিল হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একজন মেয়র পদপ্রার্থীর রঙিন ব্যানার লাগানো হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কোনো প্রার্থীর সমর্থনে মিছিল করা যাবে না। সাদাকালো ছাড়া কোনো রঙিন পোস্টার-ব্যানার লাগানো যাবে না। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে নগরের বিভিন্ন স্থানে প্রতিদিনই কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থনে মিছিল হচ্ছে। সন্ধ্যার পর নগরের কেরানীপাড়া, ধাপ পাকারমাথা, নীলকণ্ঠ, নজিরের হাট, নবদীগঞ্জ, মডার্ন মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ আরও কিছু এলাকায় একাধিক কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থনে দলবদ্ধ হয়ে মিছিল করতে দেখা গেছে।শহরের কাচারীবাজার, পৌর মার্কেটের সামনে, জাহাজ কোম্পানি মোড়ে নাগরিক কমিটির ব্যানার এবং মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদের রঙিন ব্যানার লাগানো হয়েছে।এর আগে প্রতীক পাওয়ার পর পর চারজন মেয়র ও বেশ কয়েকজন কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থনে মিছিল হয়। এ জন্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাঁদের সতর্ক করে দেওয়া হয়। প্রার্থীরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মুচলেকা দিয়েছেন নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আচরণবিধি তদারকের জন্য বর্তমানে ৩৩টি ওয়ার্ডে ১১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। নির্বাচন-পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার আওতায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত আছেন। কিন্তু এর পরও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠছে।রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর আগেও কয়েকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে।