আচরণবিধি লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের চরভদ্রাসন উপজেলায় এ ঘটনা ঘটে।
নিক্সন চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় নূর-ই-আলম ওরফে লিটন চৌধুরীর ছোট ভাই। পদ্মা সেতু কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বাজারের চাল হাটার পাশে নিক্সন চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে বিজয় দিবস উদ্যাপনের নামে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে নিক্সন চৌধুরীর পক্ষ থেকে ১২০ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে নগদ ৫০০ টাকা, একটি সিরামিকের প্লেট ও ফুলের তোড়া দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্লা।
নির্বাচনী আচরণ বিধিমালার ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রার্থী কিংবা তাঁর পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো চাঁদা বা অনুদান প্রদান বা প্রদানের অঙ্গীকার করতে পারবেন না।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুব হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের আগে এভাবে সংবর্ধনার নামে মুক্তিযোদ্ধাদের টাকা দিতে পারেন না। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
অভিযোগ প্রসঙ্গে কথা বলতে মজিবুর রহমানের মুঠোফোনে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন।
মো. আনোয়ার আলী মোল্লা বলেন, মুক্তিযোদ্ধাদের সিরামিকের প্লেট ও ফুল দেওয়া হয়। এ ছাড়া যাতায়াতের খরচ বাবদ নগদ টাকা দেওয়া হয়েছে।