বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের ভূরিভোজের আয়োজন করেছে আওয়ামীপন্থী চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের নির্মীয়মান একাডেমিক ভবনে এই দেড় হাজার লোকের ভূরিভোজ বা মেজবান সম্পন্ন হয়। অথচ নির্বাচনী আচরণবিধির ১ নম্বর বিধিতে লেখা রয়েছে ‘সব ধরনের নির্বাচনী প্রচারণা ২৬ নভেম্বর দিবাগত রাত ১২টার পর থেকে বন্ধ থাকবে।’ তাই স্বাচিপের এই কর্মকাণ্ড সম্পূর্ণ আচরণবিধির লঙ্ঘন বলে প্রতিপক্ষ পরিষদের অভিযোগ। তারা এ ব্যাপারে নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। প্রসঙ্গত, ২৯ নভেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরেজমিনে দেখা গেছে, গতকালের মেজবানে আওয়ামী লীগ নেতা আজম নাছির ছাড়াও চমেক অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ফসিউর রহমানসহ সরকারি-বেসরকারি চিকিৎসকেরা অংশ নেন। স্বাচিপের মুজিবুল হক খান-মোহাম্মদ শরীফ পরিষদের সব প্রার্থীকে উপস্থিত থেকে আগত চিকিৎসকদের কাছে ভোট ভিক্ষা করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, মেজবানে দেড় হাজার লোকের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। খাবারের মেন্যুতে ছিল গরু ও মাছ। এ ছাড়া অমুসলিমদের জন্য খাসি ও মাছের ব্যবস্থা ছিল। নির্মীয়মান একাডেমিক ভবনের দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষে খাবারের ব্যবস্থা করা হয়। মেজবানের কথা স্বীকার করে স্বাচিপের সভাপতি প্রার্থী মুজিবুল হক খান বলেন, ‘আচরণবিধিতে ভুলে ২৬ নভেম্বর প্রচারণা শেষ ছাপা হয়েছে। আজ (২৭ নভেম্বর) রাত ১২টায় প্রচারণা শেষ হবে। আর আমরা মেজবান করেছি ডা. মিলনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে। ওখানে প্রার্থীরা ভোট চেয়েছেন।’ তবে মুজিবুল হকের বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কাজী সফিকুল আলম। তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচারণার সময় গত রাতেই (২৬ নভেম্বর) শেষ হয়েছে। স্বাচিপকে আমরা সতর্ক করে চিঠি দিচ্ছি।’