আচরণবিধি লঙ্ঘন চলছেই

পৌরসভা নির্বাচনে প্রচারণার সময় সাতক্ষীরা, কুমিল্লার লাকসাম ও নারায়ণগঞ্জের সোনারগাঁসহ কয়েকটি স্থানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বরিশালের বাকেরগঞ্জে বিএনপির প্রার্থীর গণসংযোগকালে প্রতিপক্ষ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া জামালপুরে বিএনপির প্রার্থী তাঁর কর্মী-সমর্থকদের বাড়িতে যৌথ বাহিনীর তল্লাশির নামে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলেছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া ও এক কর্মীকে মারধর করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: গতকাল আচরণবিধি ভঙ্গ করে সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. শাহাদাৎ হোসেনের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রার্থী নিজেও অংশ নেন। এ বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে নির্বাহী হাকিমের দায়িত্বে থাকা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আমিনুল ইসলামের পোস্টার ও একই দলের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আরাফাত হোসেনের বিলবোর্ড অপসারণ করেন। আদালত এই দুই প্রার্থীর কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
একই অভিযোগে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওসমান গনিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সরেজমিনে দেখা যায়, গতকাল পৌরসভার দত্তপাড়া গ্রামে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন নিজের বাসভবনের সামনে ভূরিভোজের আয়োজন করেছেন। পৌর এলাকার নয়টি ওয়ার্ডের ভোটার ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের নেতা-কর্মীরা এতে অংশ নেন। খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির মাংস ও ডাল। বেলা দুইটায় বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারসহ নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ভূরিভোজের অনুষ্ঠানটি তদারক করে উপস্থিত লোকজনের কাছে ভোট চান। পরে বেলা তিনটায় বিএনপির নেতারা মোশারফ হোসেনের বাড়ি থেকে বের হয়ে পৌরসভার ভবনাথপুর ও সাহাপুরে বিএনপির প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চান।
বিএনপির প্রার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমার বাড়িতে মিলাদ মাহফিল ছিল, সেখানে আমাদের কর্মীরা অংশ নেন। আমি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান প্রথম আলোকে, ‘নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ভূরিভোজের আয়োজন নির্বাচনী আইনের লঙ্ঘন। আমরা তদন্ত শুরু করেছি।’
কুষ্টিয়া: স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুমারখালী পৌরসভার হলবাজার মোড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকারিয়া খানের পথসভায় হামলা হয়। জাকারিয়া খান অভিযোগ করেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের নেতৃত্বে হাতুড়ি ও লাঠিসহ ২০-২৫ জন যুবক সভায় অতর্কিত হামলা চালায়। আক্তারুজ্জামান আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সামছুজ্জামানের ভাই।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় জাকারিয়াসহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আলতাফ মাহমুদ (৫৩), স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কর্মী আলমগীর হোসেন (৩৫), সামছুল আলম (৩৫), নজরুল ইসলাম (৪৪) ও ওবায়দুল ইসলাম (৩৬) আহত হন। এর মধ্যে শেখ আলতাফ মাহমুদ, সামসুল আলম ও আলমগীর হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাকারিয়া খানের অভিযোগ, এর আগেও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর উপস্থিতিতে তাঁর নির্বাচনী কর্মীদের ওপর হামলা হয়। এ ব্যাপারে থানায় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরেও নতুন করে হামলা হচ্ছে।
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সামসুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কোনো লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’
চুয়াডাঙ্গা: নির্ধারিত আকারের চেয়ে বড় পোস্টার লাগানোর দায়ে নির্বাহী হাকিম সোনিয়া হাসান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা গতকাল বিএনপির মেয়র পদপ্রার্থী মীর মহিউদ্দিনের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেন।
বরিশাল: বাকেরগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মতিউর রহমান মোল্লা অভিযোগ করেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারের সময় তাঁর নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী লোকমান হোসেনের ভাই কালাম ডাকুয়ার নেতৃত্বে হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন।
তবে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী লোকমান হোসেন বলেন, ‘তারা (বিএনপি) গায়ে পড়ে ঝগড়া করতে চায়। আমরা চাইলে তো ওরা বাসা থেকেই বের হতে পারত না। কিন্তু আমরা সেটা করতে চাই না। এগুলো হচ্ছে নির্বাচনী মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কৌশল।’
জামালপুর: গতকাল দুপুর ১২টার দিকে শহরের শফি মিয়ার বাজার এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাতে জামালপুর শহরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গাউছুল আলম, সরকারি আশেক মাহমুদ কলেজ কমিটির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোমিন, শহর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, শহর ওলামা দলের সভাপতি মো. রমজান আলী ও বিএনপির কর্মী আজাদ মিয়াসহ জ্যেষ্ঠ নেতা-কর্মীদের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। অথচ এই নেতা-কর্মীদের নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই। শুধু নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির জন্য এসব করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও নির্বাচনী প্রচারের কাজে যুক্ত আরিফুর রহমানের বাবা আজিজুর রহমান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বানিয়া বাজার এলাকায় তাঁর বাড়িতে যৌথ বাহিনীর সদস্যরা আসেন। এ সময় ঘুম থেকে তুলে তাঁর ছেলে আরিফুর রহমানকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, আদালতের মাধ্যমে আরিফুরকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ): বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও দলের সাধারণ সম্পাদক এ কে এম হারুন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শুক্রবার রাতে বিএনপির মেয়র প্রার্থী মো. ফিরোজ আহমেদের পোস্টারের ওপর কে বা কারা নৌকা প্রতীকের পোস্টার লাগিয়ে দেয়। গতকাল দুপুরে সেখানে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানালে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. এরশাদ মিয়াকে মারধর করেন আওয়ামী লীগের এক কর্মী।
জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারকাজের প্রধান সমন্বয়কারী আবদুল হেকিম বলেন, এমন অভিযোগ সত্য নয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুমিল্লা, কুষ্টিয়া, জামালপুর, বরিশাল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি]