ইউনিয়ন পরিষদের (ইউপি) তফসিল ঘোষণার দুই দিন পরই গতকাল শনিবার পটুয়াখালীর বাউফলে সমাবেশ করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের এক নেতাকে পরিচয় করিয়ে দিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নের জন্য তাঁর প্রার্থীর পক্ষে সবাইকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান।
গতকাল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃণমূল প্রতিনিধি সভার নামে সমাবেশ করে ওই ঘোষণা দেন চিফ হুইপ। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ দুই হাজারের বেশি লোক উপস্থিত ছিলেন।
ওই প্রার্থীর নাম মো. আনোয়ার হোসেন ওরফে বাচ্চু। তিনি বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সূর্য্যমনি ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা আহ্বান করা হয় একই ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। সকাল ১০টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বেলা ১১টায় এবং চলে বেলা ৩টা পর্যন্ত। জাতীয় সংসদের চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
সরেজমিনে দেখা যায়, এই সভাকে কেন্দ্র করে বিশাল আকৃতির প্যান্ডেল করা হয়েছে ওই বিদ্যালয়ের মাঠে। চিফ হুইপ যে সড়ক দিয়ে ওই সভায় যোগদান করেছেন, সেই সড়কে (সূর্য্যমনি ইউনিয়ন) ১৩টি তোরণ নির্মাণ করা হয়েছে; যার অধিকাংশই নির্মাণ করা হয় ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সৌজন্যে। ওই সব তোরণে ছোট আকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসহ বড় আকারে স্থান পেয়েছে আ স ম ফিরোজ ও আনোয়ার হোসেনের ছবি।
নাম প্রকাশ না করার শর্তে ওই সভায় উপস্থিত কয়েকজন শিক্ষক বলেন, ওই তোরণ করতে এবং সভায় উপস্থিত থাকার জন্য তাঁদের বাধ্য করা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠান তোরণ না করে, তা হলে সেই প্রতিষ্ঠানের শিক্ষকেরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকায় তাঁরাও করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, তৃণমূল প্রতিনিধি সভার নামে আচরণবিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি (আ স ম ফিরোজ)।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান তালুকদার বলেন, ‘এভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে প্রার্থীর নাম ঘোষণা করে তাঁর পক্ষে ক্ষমতাসীন দলের চিফ হুইপ ভোট চাইলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে। সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ থাকবে না।’
ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, আনোয়ার হোসেন তাঁর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং এই স্কুলমাঠে অনুষ্ঠান। তাই অনুষ্ঠানকে সুন্দর করতেই বিদ্যালয়ের পক্ষ থেকে তোরণ করা হয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) এ কে এম শামীমুল হক ছিদ্দিকী বলেন, ‘ঘোষিত তফসিলে ওই ইউনিয়ন রয়েছে কি না, আমার জানা নেই। না জেনে কোনো মন্তব্য করতে পারব না।’
তবে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২২ মার্চ বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আর ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাঁদের সমপদমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র) নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে তোরণ করার জন্য এবং শিক্ষক-শিক্ষার্থীদের সভায় উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা হয়নি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁকে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে তাঁর পক্ষে চিফ হুইপ ভোট চাননি। তবে তাঁকে (আনোয়ার হোসেন) দল মনোনয়ন দিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।