আচরণবিধি লঙ্ঘন চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন এই জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে ছোট মহেশখালী ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল মোস্তফা তাঁর সমর্থকদের নিয়ে মিছিলসহ লম্বাঘোনা বাজার থেকে দক্ষিণ নলবিলা এলাকার দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় গিয়ে মিছিলটি বন্ধ করে দেওয়া হয়। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, সামনে আচরণবিধি লঙ্ঘন না করে নির্বাচনী প্রচারণা চালাতে বলা হয়েছে প্রার্থী সিরাজুল মোস্তফাকে। এরপরও আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে।