আচরণবিধি লঙ্ঘন তিনজনকে কারণ দর্শানোর নোটিশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মেয়র পদপ্রার্থীসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার শাহজাদপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিম কারণ দর্শানোর এসব নোটিশ দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ-মনোনীত মেয়রপ্রার্থী হালিমুল হক ওরফে মিরুর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল ও চার-পাঁচটি জিপ নিয়ে উপজেলার পৌর সদরে মিছিলসহকারে মহড়া দেওয়া হয়। একই দিন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা বিএনপির সহসভাপতি মো. নজরুল ইসলামের সমর্থনে প্রায় ৫০ জন সমর্থক ধানের শীষ প্রতীকের স্লোগান দিয়ে মিছিল বের করেন। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া মেয়র প্রার্থী শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম মোটরসাইকেলসহ সমর্থকদের নিয়ে পৌর শহরে মহড়া দেন।