গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগর পুলিশের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলে থাকা ১৫-১৬ জনকে বাঁশি বাজিয়ে তালা প্রতীকের পক্ষে মহড়া দিতে দেখা যায়।
বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে বুধবার জোড়াগেট এলাকায় অন্তত ২০ জন মোটরসাইকেলে চড়ে মিছিল করেন। তালুকদার খালেকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হারুনুর রশীদ প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলছি।’ তিনি দাবি করেন, যুবলীগের এক নেতাকে নিয়ে আসতে একদল মোটরসাইকেলে র্যালি করেছে। তারা ভোট চায়নি। গতকালের মহড়ার বিষয়ে তিনি কিছু জানেন না। জানতে চাইলে মহানগর পুলিশের কমিশনার সফিকুর রহমান বলেন, ‘মোটরসাইকেলে মহড়া হওয়ার কথা নয়। এটা আচরণবিধির বিরুদ্ধ। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’ গতকাল বড় বাজার মোড়ে মনিরুজ্জামানের আনারস প্রতীকের পক্ষে ভোট চাওয়ার সময় একদল কর্মী দোকানে লিফলেট দিতে গিয়ে বলেন, ৫ মের জবাব দেবেন। হেফাজতে ইসলামের মিছিলে হামলার প্রতিশোধ নিতে চাইলে আনারসে ভোট দিন। এ ধরনের প্রচারের বিষয়ে খুলনা-২ আসনের বিএনপির সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘একটা বড় ঘটনা ঘটেছে। নির্বাচনের সময় এসব বিষয় ভোট চাইতে গিয়ে কেউ হয়তো উল্লেখ করতে পারেন। তবে এটা ঠিক না। আমি কখনো এসব বলে ভোট চাইনি।’ কর্মীদের মোটরসাইকেল মিছিল প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল মিছিল করছে। তাদের দেখে উৎসাহী হয়ে কেউ কেউ এ কাজ করতে পারেন। ২০০-এর মিছিল দেখে, ১৫-২০ জনের মিছিল হতেই পারে। আগামীকাল শনিবার নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করে এনেছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের আট হাজার ৫৯৮ সদস্য মোতায়েন থাকবে। এবার খুলনা সিটি নির্বাচনে মোট ২৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২০২টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে নির্বাচন কমিশন ও পুলিশ জানিয়েছে।