
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী এলাকায় ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি ভ্রাম্যমাণ দল আজ মঙ্গলবার বিকেল থেকে মাঠে নেমেছে।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার আজ প্রথম আলোকে জানিয়েছেন, নির্বাচনে তফসিল ঘোষণার দিন থেকে প্রার্থীদের আচরণ বিধিমালা মেনে চলার কথা বলা হয়েছে। অন্যথায় সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য একটি ছাপানো প্রজ্ঞাপনও বিলি করা হয়েছে।
প্রজ্ঞাপনের ৭ নম্বর বিধিমালায় বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোনো জনসভা শোভাযাত্রা বের করতে পারবেন না। জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন স্থানেও এসব সভা করা যাবে না। তবে এসব সভা করতে গেলে এর ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় জানিয়ে পুলিশকে অবহিত করতে হবে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে এখনো মেয়র প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে আগামী ১১ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, মেয়র প্রার্থী নিয়ে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি।
আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো এই সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ ও ২৬ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর।
বিগত ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথম সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় সিটি নির্বাচন দলীয় প্রতীকে হয়নি। তবে এবার দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর এর মেয়াদ শেষ হচ্ছে।