আচরণবিধি লঙ্ঘন, সাংসদ শম্ভুর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গতকাল রোববার বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে প্রায় এক হাজার মোটরসাইকেল ও বেশ কয়েকটি গাড়ি নিয়ে বরগুনা ও আমতলীতে বিশাল শোভাযাত্রা হয়েছে।
এ সময় তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে নিজাম উদ্দীন (৩৫) নামে যুবলীগের এক নেতা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। আমতলী-পটুয়াখালী সড়কের শাখারিয়া এলাকায় গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নির্বাচনী আচরণবিধির ৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো ব্যক্তি বাস-ট্রাক, মোটরসাইকেল, নৌযান বা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে মিছিল, শোভাযাত্রা করতে পারবেন না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মনোনয়ন পাওয়ার পর গতকাল সকালে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশাল আসেন এবং সেখান থেকে দুপুরে সড়কপথে বরগুনায় আসেন। আমতলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ভাড়ায়চালিত প্রায় ৪০০ মোটরসাইকেল নিয়ে তাঁকে আমতলী-পটুয়াখালী সড়কের শাখারিয়া এলাকায় অভ্যর্থনা জানানো হয়। দুপুর সোয়া ১২টার দিকে তিনি শাখারিয়া পৌঁছে একটি পথসভায় বক্তব্য দেন। বেলা ১১টার দিকে আমতলী থেকে প্রায় ৫০০ মোটরসাইকেল নিয়ে দলীয় নেতা-কর্মীরা শাখারিয়ায় অবস্থান নেন। শাখারিয়া এলাকায় পটুয়াখালী-আমতলী ও গলাচিপা তিন রাস্তার মোহনায় জড়ো হয়ে দুই পাশ বন্ধ করে সেখানে জমায়েত হন তাঁরা। সেখানে এই মোটরসাইকেল মহড়ায় অংশ নেওয়া আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন রাস্তায় অবস্থান করার সময় একটি ভাড়ায়চালিত মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। পটুয়াখালী নেওয়ার পথে তিনি মারা যান। নিজাম উদ্দীন কুকুয়া ইউনিয়নের আয়েজদ্দিন মোল্লার ছেলে এবং স্থানীয় একটি বাজারের মুদি ব্যবসায়ী। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলটিসহ এর চালক নূর আলমকে আটক করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল চালক নূর আলমকে আটক করা হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন গতকাল দুপুরে বলেন, ‘আমরা সাংসদকে ৫০০ মোটরসাইকেল নিয়ে অভ্যর্থনা জানিয়ে শোভাযাত্রা সহকারে বরণ করেছি এবং এখন আমতলীর বান্দ্রা এলাকায় অপর একটি পথসভা করার জন্য সেখানে যাচ্ছি।’
আমতলীর শাখারিয়ার পথসভা শেষে সাংসদ শম্ভু আমতলী পৌরসভার মেয়রের গাড়িতে (পিকআপ) করে বান্দ্রা এলাকায় আসেন এবং সেখানে অপর একটি পথসভা বক্তৃতা দেন। এ সময় গাড়িতে তাঁর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার ও আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমান ছিলেন। বেলা আড়াইটার দিকে তিনি বরগুনার উদ্দেশে রওনা দেন। বরগুনার পুরাকাটা ফেরিঘাটে পৌঁছালে সেখানে ৪৫০-৫০০টি মোটরসাইকেল ও ছয়টি মাইক্রোবাস নিয়ে তাঁকে অভ্যর্থনা জানান তাঁর সমর্থকেরা। সেখান থেকে মোটরসাইকেল ও গাড়ির বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি বেলা সাড়ে তিনটার দিকে বরগুনায় পৌঁছান।
বরগুনা সদরের কয়েকজন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক জানান, সাংসদকে অভ্যর্থনা জানাতে বরগুনা সদরের ভাড়ায়চালিত সব মোটরসাইকেলের চালকদের বাধ্যতামূলক শোভাযাত্রায় যাওযার জন্য বলা হয়। তবে এখনো তাঁদের কোনো টাকা দেওয়া হয়নি। সন্ধ্যার পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল ওহাব ভূঞা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।