আচরণবিধি লঙ্ঘন হওয়ায় সড়কের কাজ বন্ধ করলেন রিটার্নিং কর্মকর্তা
নারায়ণগঞ্জের নদীবন্দরের ১ নম্বর খেয়াঘাটে ফেরি চালুর জন্য সংযোগ সড়ক নির্মাণের কাজ গতকাল শনিবার বন্ধ করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সাংসদ নাসিম ওসমানের প্রভাবে এই কাজ হচ্ছিল বলে অভিযোগ ওঠে।রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান জানান, ‘শনিবার বিকেলে জেলা পরিষদের ঠিকাদার একটি সড়ক নির্মাণের কাজ করছেন জানতে পেরে আমরা বন্দর থানার পুলিশকে কাজ বন্ধ করার নির্দেশ দিই। নির্বাচনের আগ মুহূর্তে আচরণবিধি লঙ্ঘন করে কেন এ কাজ করা হচ্ছে, এর কারণ দর্শাতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’ রিটার্নিং কর্মকর্তা জানান, ‘গত ১৭ অক্টোবর বেআইনিভাবে এই সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়, যা আচরণবিধির ৬ এর ১৫ উপধারার লঙ্ঘন।’ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার নির্দেশ পেয়ে আমরা রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছি।’ জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মিরাজ হোসেন জানান, তিনি এখনো নোটিশটি পাননি। পেলে জবাব দেবেন। কাজ বন্ধ করে দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে মেয়র পদপ্রার্থী এ কে এম শামীম ওসমান বলেন, ‘বন্দর ঘাটে ফেরির জন্য সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। একইভাবে বন্দরের ছয় কোটি টাকার উন্নয়নকাজ বন্ধ রাখা হয়েছে। নির্বাচনের সময় উন্নয়নকাজ বন্ধ থাকবে কেন? এটা যদি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়ে থাকে তাহলে আমাদের লিখিত দেওয়া হোক।’ শামীম ওসমানের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বলেন, ‘তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি।’