আচরণবিধি লঙ্ঘনে কারও জরিমানা, কাউকে সতর্ক
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার নির্বাচনে একই ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে জরিমানা এবং অন্য প্রার্থীকে শুধু সতর্ক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগামী ৩ জুন ক্ষেতলাল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রার্থীদের অভিযোগ ও বিভিন্নজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ মে সন্ধ্যায় ক্ষেতলাল জিরো পয়েন্টে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক খলিলুর রহমানের পথসভা হয়। জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী সরকারি গাড়ি নিয়ে পথসভায় যোগ দেন। পৌরসভা নির্বাচন আচরণবিধির ১৫ (গ) ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পর পৌরসভা এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লার অভিযোগ, তাঁর পক্ষে স্থানীয় জয়পুরহাট-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা ভোট প্রার্থনা করায় ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অথচ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় ও জেলা নেতারা প্রকাশ্যে সভা, সমাবেশ, প্রভাব বিস্তারসহ সরকারি গাড়ি ব্যবহার করে প্রচারণা চালালেও তাঁদের শুধু সতর্ক করা হচ্ছে। একই অভিযোগ করেন অপর মেয়র পদপ্রার্থী ও ক্ষেতলাল উপজেলা যুবদলের সভাপতি জিয়া চৌধুরী।এ বিষয়ে রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়েছে। তিনি জেলা পরিষদের প্রশাসককে সতর্ক করেছেন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর এক ব্যক্তি সেটি ধরে জানান, সোলায়মান সাহেব অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।