আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আফরোজা আব্বাসের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি–সমর্থিত মেয়র প্রার্থী র্মিজা আব্বাসের পক্ষে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল গণসংযোগ করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস l ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি–সমর্থিত মেয়র প্রার্থী র্মিজা আব্বাসের পক্ষে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল গণসংযোগ করেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস l ছবি: প্রথম আলো

আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে। আচরণবিধিতে বেলা দুইটার আগে মাইক ব্যবহারের অনুমতি না থাকলেও গতকাল তিনি প্রচারণায় মাইক ব্যবহার করেছেন। প্রচারণার সময় তিনি ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন।
মামলার কারণে মির্জা আব্বাস প্রচারণা চালাতে পারছেন না। তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস। গতকাল সকাল ১০টায় রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর, নয়াগ্রাম চৌরাস্তা, ঝাইল্লা হাটি চৌরাস্তা, মোহাম্মদনগর চৌরাস্তা, মুনসী মেইন রোড, রসুলপুর, ব্যাটারিঘাট রোড ও আচারওয়ালাঘাট রোড এলাকায় প্রচারণা চালান আফরোজা আব্বাস। এ সময় তাঁর প্রচারণাবহরে বেশ কয়েকটি হাতমাইক ও দুটি বড় মাইক ছিল। মাইকে আব্বাসের সমর্থকেরা বিভিন্ন বক্তব্য দেন। তবে আফরোজা আব্বাস বক্তব্য দেন হাতমাইকে।
সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১০-এর ১৩ নম্বর অনুচ্ছেদের (ক) ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রার্থী একটি ওয়ার্ডে একই সঙ্গে পথসভার জন্য একটি এবং নির্বাচনী প্রচারণার জন্য একটির অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করিতে পারিবেন না।’ একই অনুচ্ছেদের (খ) ধারায় বলা হয়েছে, ‘মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর দুই ঘটিকার পূর্বে এবং রাত নয়টার পরে করা যাইবে না।’
আফারোজা আব্বাসের সঙ্গে প্রচারণায় ছিলেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘যে এলাকায় আমরা গেছি, সেখানে আমাদের পোস্টারও লাগাতে দেওয়া হচ্ছে না। ওই দুটি মাইক অন্য প্রার্থীর ছিল। হঠাৎ করে তারা আমাদের বহরের মধ্যে ঢুকে পড়ে। পরে আমরা তাদের বের করে দিই।’
প্রচারণার সময় আফরোজা আব্বাস বলেন, ‘এ সরকার স্বৈরাচারী ও জালিম সরকার। খুন-গুম সন্ত্রাসের মাধ্যমে এ সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা আমাদের নির্বাচনী প্রচারের সময় নানা ভয়ভীতি প্রদর্শন করছে, বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘মনে করেছিলাম বৃহস্পতিবার তৃতীয় বিচারপতির আদালতে তিনি (মির্জা আব্বাস) জামিন পাবেন। কিন্তু সরকার বিষয়টি ঝুলিয়ে রেখে পিছিয়ে দিচ্ছে।’ মির্জা আব্বাসকে জামিন দিয়ে প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
এক প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, অবাধ ও নিরপেক্ষ ভোটের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও এক সপ্তাহের পূর্বে সেনাবাহিনী নামাতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারদলীয় প্রার্থী সাঈদ খোকনের কর্মীরা মগ মার্কার পোস্টার ও লিফলেট বিতরণে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছেন। তাঁরা বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগাচ্ছেন ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে গতকাল মির্জা আব্বাসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কামরাঙ্গীরচরের রসুলপুর বাজারের বণী মার্কেটের মোড়ে পুলিশ মির্জা আব্বাসের গণসংযোগ থেকে ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শহিদুল হককে গ্রেপ্তারের চেষ্টা করা হয়।